‘ভোলায় অর্ধশতাধিক ছাত্রীর অসুস্থতায় এইচপিভি টিকার সম্পর্ক নেই’
মেডিভয়েস রিপোর্ট: ভোলার বোরহানউদ্দিনে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা দেওয়ার সময় অর্ধশতাধিক ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার পর উপজেলার জ্ঞানোদা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
তবে চিকিৎসকরা বলছেন, টিকা নেওয়ার সাথে এর সম্পর্ক নেই। বরং একে ‘মাস সাইকোজেনিক ইলনেস’ হিসেবে চিহ্নিত করছেন তারা।
আজ সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার সোহাগ মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. নিরুপম সরকার বলেন, এইচপিভি টিকা দেওয়ার সময় সকাল সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে জ্ঞানোদা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তারা মাথা ঘোরা ও বমি বমি ভাব অনুভব করে। এতে আতঙ্কিত হয়ে কান্নাকাটি করতে থাকে। পরে অসুস্থ হয়ে যাওয়া ৫৭ জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
তিনি বলেন, অসুস্থ ৫৭ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন চিকিৎসা নিচ্ছে আটজন। বাকিরা বাড়ি ফিরে গেছে। আর অভিভাবকরা সাতজন শিশুকে ভোলা সদরে নিয়ে গেছেন। তারাও ভালো আছে এখন। অসুস্থতার খবরে ভোলা সদর থেকে একটি মেডিকেল টিমও এসেছে।
তবে অসুস্থ হওয়ার সাথে এইচপিভি টিকা নেওয়ার সম্পর্ক নেই উল্লেখ করে ডা. নিরুপম সরকার বলেন, যেকোনো জিনিসেরই অল্পস্বল্প পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। কিন্তু এই অসুস্থতার সাথে টিকার সম্পর্ক নেই। প্রথম সমস্যা দেখা দেয় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মধ্যে। তার মাথা ঘোরার সমস্যা শুরুর পরপরই অনেকের সমস্যা দেখা দেয়। কিন্তু অসুস্থদের মধ্যে এমন একজনও আছে, যে টিকা দেয়নি। কিন্তু সে অসুস্থ হয়ে পড়েছে।
তিনি বলেন, এই বয়সের শিশুদের ক্ষেত্রে এ সমস্যা দেখা যায়, একজনের অসুস্থতার খবরে বাকিরা অসুস্থ হয়ে যায়। এটা আসলে ‘মাস সাইকোজেনিক ইলনেস’, যা মানসিক সমস্যার মধ্যে পড়ে। এর আগেও ভোলায় এ ধরণের ঘটনা ঘটেছে।
এনএআর/
-
৩০ জানুয়ারী, ২০২৪
এইচপিভি টিকা পেলেন ৭৫ শিক্ষার্থী
চমেকে জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাসের কর্মসূচির সূচনা