ছাত্র-জনতার অভ্যুত্থান
আহতদের চিকিৎসায় বিএসএমএমইউতে ২ কোটি টাকা বরাদ্দ
মেডিভয়েস রিপোর্ট: ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের বিনামূল্যে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
সম্প্রতি বিএসএমএমইউতে চিকিৎসাধীনদের জন্য ব্যয় করতে এই অর্থ বরাদ্দ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এ অর্থে আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষার ফি ও পথ্য সরবরাহ করা হবে।
গুরুতর আহতদের প্রয়োজনে চিকিৎসার জন্য পাঠানোসহ গণঅভ্যুত্থানে আহত ও শহীদ ছাত্র-জনতার তথ্য সংগ্রহে একটি বিশেষ সেল গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকার গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকার করার পর তাদের সুচিকিৎসার জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় দুই কোটি টাকা বরাদ্দ দাবি করে। তার পরিপ্রেক্ষিতে গত ২৪ অক্টোবর অর্থ বিভাগ এ বরাদ্দ মঞ্জুর করেছে। এই অর্থ শুধু বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীনদের জন্য ব্যয় হবে।
খাতভিত্তিক বরাদ্দ অনুযায়ী, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার অংশ হিসেবে হাসপাতালের একটি ভবনের দুটি তলার সব কেবিন সংস্কার করতে ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, ল্যাবরেটরি পরীক্ষা, ইমপ্ল্যান্ট বা ডিভাইস, প্রসিডিউর, পথ্য বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে এক কোটি ২০ হাজার টাকা।
এ ছাড়া আহতদের ডেটাবেজ তৈরি এবং ওয়েবভিত্তিক অনলাইনে তথ্য যাচাইয়ের সুবিধা সৃষ্টির জন্য ১০ লাখ টাকা, ফিজিওথেরাপির জন্য ২০ লাখ টাকা, সাইকোথেরাপি বাবদ ১০ লাখ টাকা এবং যন্ত্রপাতি ও আনুষঙ্গিক ব্যয় বাবদ ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
একই সঙ্গে আহতদের সুচিকিৎসার জন্য তিন মাসের চুক্তিতে দুইজন ফিজিওথেরাপিস্ট নিয়োগ বাবদ ২ লাখ ৪০ হাজার টাকা এবং তিন মাসের জন্য দুইজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ বাবদ ২ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে গত ২৩ অক্টোবর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের তথ্য যথাযথভাবে সংকলন কার্যক্রম ত্বরান্বিত করতে তিন সদস্যবিশিষ্ট একটি বিশেষ সেল গঠন করার কথা বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, শহীদদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে প্রয়োজনে এই সেল দেশের বিভিন্ন জায়গায় সরেজমিন তথ্যানুসন্ধান করতে পারবে এবং স্থানীয় সংশ্লিষ্টদের সহায়তা গ্রহণ করবে। আহতদের হাসপাতালে সুচিকিৎসা পেতেও সহায়তা করবে এই সেল।
এনএএন/