‘সন্ত্রাসী সংগঠন’, ছাত্রলীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
মেডিভয়েস রিপোর্ট: সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বুধবার (২৩ অক্টোবর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক শাখা-২ এর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন এতে সই করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজী, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল। এ সম্পর্কিত প্রামান্য তথ্য দেশের সকল প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতা-কর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, গত ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শতশত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করেছে এবং আরো অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে।
এ ছাড়া ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য-প্রমাণ সরকারের কাছে রয়েছে বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনে বলা হয়, এমতাবস্থায় সরকার সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা-১৮ এর উপ ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলো এবং ওই আইনের তফসিল-২ এ বাংলাদেশ ছাত্রলীগ নামক ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় এতে।
এনএআর/
-
১২ নভেম্বর, ২০২৪
-
২৩ অক্টোবর, ২০২৪
-
১৭ ফেব্রুয়ারী, ২০২২
-
০১ নভেম্বর, ২০২১
-
০১ জুন, ২০২১