০৩ অক্টোবর, ২০২৪ ০২:১৪ পিএম

মহানবীকে নিয়ে কটূক্তি: ঢামেকে প্রতিবাদ সমাবেশ

মহানবীকে নিয়ে কটূক্তি: ঢামেকে প্রতিবাদ সমাবেশ
ঢাকা মেডিকেলে বিক্ষোভ

মেডিভয়েস রিপোর্ট: মহানবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নীতিশ রানের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ক্যাম্পাস থেকে র‌্যালি নিয়ে শহীদ মিনারে যান তারা।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে মেডিকেল কলেজের মিলন চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে বহির্বিভাগ গেইট হয়ে শহীদ মিনারে অবস্থান নেন ঢামেকের কয়েকশ’ শিক্ষার্থী।

এ সময় ‘বিশ্ব নবীর অপমান, সইবে না রে মুসলমান; তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মোস্তফা; তোমার আমার কালিমা, লা-ইলাহা ইল্লাল্লাহ, জেগেছে রে জেগেছে, বিশ্ব মুসলিম জেগেছে; ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান; জিন্দাবাদ জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ; ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজের নাক-কান-গলা বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তফা কামাল আরেফীন এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

দেশ ও দেশের বাইরে মহানবীকে (স.) নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, বিশ্বের যে কোনো প্রান্তে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় মুসলমানরা ঐক্যবদ্ধ।

এ সময় কুরআন ও হাদিসের আলোকে নিজেদের জীবন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। বলেন, ‘রাসূলুল্লাহ্ (সা.) আমাদের হৃদয়ের স্পন্দন। তিনি গোটা মানবজাতির নেতা ও মুক্তির দিশারী। ভারতের একটি গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে এ অঞ্চলের ধর্মীয় সম্প্রতি বিনষ্টের জন্য বারবার মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করছে। তাদের এই ঔদ্ধত্য এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি। তাই আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

সমাবেশে বিশ্বের নিপীড়িত মুসলমানদের জন্য দোআ করা হয়। পরে শহীদ মিনার থেকে নার্সিং কলেজ গেইট হয়ে মিলন চত্বরে মিছিল সহকারে এসে কর্মসূচি সমাপ্ত হয়।

এমইউ/

  এই বিভাগের সর্বাধিক পঠিত