দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু: টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে হামলায় আহত ২
মেডিভয়েস রিপোর্ট: দুর্ঘটনায় আহত শিশু মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ এনে কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছেন স্বজনেরা। এতে এক স্বাস্থ্য সহকারীসহ দুইজন আহত হয়েছেন।
বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে মেডিভয়েসকে নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খান এ আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত মোহাম্মদ ছিদ্দিক নামে সাত বছরের ওই শিশু। সে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিলা এলাকার আবদুল জব্বারের ছেলে। পরে চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল কক্সবাজার সদর হাসপাতালে। কিন্তু স্বজনেরা কক্সবাজার না গিয়ে তাকে নিয়ে বাড়ি ফিরে যান। সন্ধ্যার পর শিশুটি মারা যায়।
এরপর স্বজনেরা এসে হাসপাতালে হামলা চালান। তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভাঙচুর করেন। পাশাপাশি স্বাস্থ্য সহকারীসহ কর্মকর্তা-কর্মচারীদের চড়াও হন তারা। এতে উপসহকারী মেডিকেল কর্মকর্তা (স্যাকমো) শাখাওয়াত হোসেন মিঠু ও হাসপাতালের ওয়ার্ড বয় মোহাম্মদ আলম আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ-বিজিবিসহ স্থানীয় প্রশাসন।
এদিকে ঘটনার পর রাতেই নিহত শিশুর স্বজনদের নিয়ে বৈঠকে বসেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) প্রণয় রুদ্র, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) এনামুল হক, টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান। বৈঠকে বিষয়টি সমাধান করা হয়।
এমইউ/