১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:০৬ পিএম

নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবি

নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধনে অংশ নিয়েছেন পাঁচ শতাধিক নার্স ও নার্সিং শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নার্সদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবি জানিয়েছে নার্সিং সংস্কার পরিষদ। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সারাদেশে এ দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটি।

একই সাথে অধিদপ্তরসহ নার্সিংয়ের পদগুলোতে নার্সদের পদায়নের দাবি জানায় তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের নার্সিং প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমন্বয়ক মো. সাব্বির মাহমুদ তিহানের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নার্স ও নার্সিং শিক্ষার্থী ঢামেক হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন। এতে নার্সিং সংস্কার পরিষদের প্রধান সমন্বয়ক ডা. শরিফুল ইসলাম, নার্সিং কলেজের ছাত্র সমন্বয়ক মহিবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত ৮ সেপ্টেম্বর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে মহাপরিচালক মাকসুরা নূর বলেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার ভিত্তিতে নার্সদের ২য় শ্রেণির পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। তার এই মন্তব্য নার্সদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। অবিলম্বে আমরা তার পদত্যাগ দাবি করছি।’

নার্সিং অধিদপ্তরের প্রশাসনিক পদগুলোতে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে নার্সিং শিক্ষার্থীরা আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে নার্সরা প্রশাসনিক বৈষম্যের শিকার হয়ে আসছেন। দেশের স্বাস্থ্য খাতে সংকটের সময় আমরা ফ্রন্টলাইনে থেকে জীবন বাজি রেখে কাজ করেছি। কিন্তু আমাদের পেশাগত দক্ষতা এবং অভিজ্ঞতার সঠিক মূল্যায়ন করা হয়নি। বরং প্রশাসনিক পদে আমাদের বাদ দিয়ে অন্যান্য কর্মকর্তা নিয়োগ দেওয়ায় নার্সদের পেশাগত উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।’

নার্সিং শিক্ষার্থীদের অভিযোগ, গত ১২ সেপ্টেম্বর একজন নন-নার্স প্রশাসনিক কর্মকর্তাকে নার্সিং অধিদপ্তরের রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই ধরনের পদক্ষেপ তাদের দক্ষতাকে অবমূল্যায়িত করছে।

তারা বলেন, ‘নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক পদগুলো নার্সদের জন্য। কিন্তু এই জায়গাগুলো আমলারা, প্রশাসন ক্যাডারের লোকজন দখল করে রেখেছেন। নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার পদটিও তাদের দখলে। আমাদের দাবি হচ্ছে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং কাউন্সিল থেকে প্রশাসনিক ক্যাডারদের অপসারণ করে নার্সদের পদায়ন করতে হবে।’

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত