নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নতুন মহাপরিচালক দিল আফরোজা
মেডিভয়েস রিপোর্ট: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ দিল আফরোজা। বর্তমানে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে কর্মরত অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন।
আজ রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক আদেশে এই তথ্য জানানো হয়।
তার চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে উল্লেখ করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে কর্মরত অতিরিক্ত সচিব মিজ দিল আফরোজা (পরিচিতি নম্বর: ৬৭৮৭)-কে বদলি করে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট সকল দপ্তরে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
নার্সিং ব্যবস্থাপনা ও মিডওয়াইফদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ এ পদে নতুন কর্মকর্তার দায়িত্ব গ্রহণ অধিদপ্তরের চলমান কার্যক্রমে আরও গতি আনবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এমইউ/