০৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:০৩ পিএম

ইউজিসির চেয়ারম্যান হলেন ঢাবির সাবেক ভিসি অধ্যাপক ড. ফায়েজ

ইউজিসির চেয়ারম্যান হলেন ঢাবির সাবেক ভিসি অধ্যাপক ড. ফায়েজ
সদ্য নিয়োগপ্রাপ্ত ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। উপসচিব ড. মো. ফরহাদ হোসেন এতে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

তিন শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। সেগুলো হলো- চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ হবে চার বছর। তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। চেয়ারম্যান পদে যোগদানের তারিখ থেকে তার নিয়োগাদেশ কার্যকর হবে।

জানা যায়, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে ২০০২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম ভাইস চ্যান্সেলর পদে সাময়িক নিয়োগ পান অবসরপ্রাপ্ত এ অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চ্যান্সেলর ও রাষ্ট্রপতি ড. ইয়াজ উদ্দিন আহমেদ তাকে এ নিয়োগ দেন। চ্যান্সেলর হিসেবে সাময়িক সময়ের জন্য নিয়োগ পেয়ে দীর্ঘ ৬ বছর দায়িত্ব পালন করেন তিনি।

এর আগে ড. ফায়েজ সরকারি কর্মকমিশন (পিএসসি) ষষ্ঠ চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৩ সালের ৭ মার্চ থেকে ১৯৯৮ সালের ৫ মার্চ পর্যন্ত পাঁচ বছর এ পদে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন ইউজিসির সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ। এর একদিন পর অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক মুহাম্মদ আলমগীরও পদ থেকে সরে যান। পুনরায় চিঠি দিয়ে তাকে রুটিন দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবুও অফিস করছেন না তিনি। অন্যদিকে তার পদত্যাগের দাবিতে প্রতিদিনই ইউজিসিতে বিক্ষোভ চোখে পড়ে। প্রবেশপথে টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুনও।

তাছাড়া ৫ আগস্টের পর টানা ২০ দিন অনুপস্থিত থেকে মেয়াদকাল শেষ করেছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। আরেক সদস্য অধ্যাপক জাকির হোসেনও মাত্র দুদিন অফিস করেছেন। দুদিন পর একদিন আসতেন সদস্য অধ্যাপক হাসিনা খান। তিনিও ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন।

আর দুই মেয়াদে ছুটি বাড়িয়ে অনেকটা আত্মগোপনে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া ইউজিসির দাপুটে সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন। তাছাড়া সচিবকেও সরিয়ে দেওয়া হয়। সচিব পদে নতুন দায়িত্ব পাওয়া ড. মো. ফখরুল ইসলাম চেয়ারম্যান ও সদস্যবিহীন ইউজিসিতে শুধুই দর্শক হয়ে ছিলেন।

এমন প্রেক্ষাপটে দ্রুত ইউজিসিতে চেয়ারম্যান নিয়োগের তাগিদ দিচ্ছিলেন সংশ্লিষ্টরা। অবশেষে অন্তর্বর্তী সরকার দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তদারককারী সংস্থায় পূর্ণ মেয়াদে চেয়ারম্যান নিয়োগ দিলো।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক