০৮ জুলাই, ২০২৪ ০৯:৩৬ পিএম

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গ্রেপ্তার ১৭

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গ্রেপ্তার ১৭
প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৭ জন। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত ১২ বছরে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (৭ জুলাই) রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রশ্নফাঁসের সঙ্গে পিএসসির কর্মকর্তা-কর্মচারীদের জড়িত থাকার অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে সিআইডি।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবু জাফর, উপ-পরিচালক, পিএসসি; নোমান সিদ্দিকী; সৈয়দ আবেদ আলী, অবসরপ্রাপ্ত ড্রাইভার, পিএসসি; খলিলুর রহমান, ডেসপাস রাইডার, পিএসসি; সাজেদুল ইসলাম, অফিস সহায়ক, পিএসসি; আবু সোলায়মান মো. সোহেল; মো জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক, পিএসসি; মো আলমগীর কবির, সহকারী পরিচালক, পিএসসি; প্রিয়নাথ বায়, অডিটর; মো. জাহিদুল ইসলাম; শাহাদাত হোসেন, নিরপত্তা প্রহরী, আঞ্চলিক পাসপোর্ট অফিস, নারায়ণগঞ্জ; মো মামুনুর রশীদ; মো. নিয়ামুন হাসান, মেডিকেল টেকনিশিয়ান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল; সাখাওয়াত হোসেন; সায়েম হোসেন; লিটন সরকার ও সৈয়দ সোহানুর রহমান সিয়াম।

বেসরকারি টেলিভিশন চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়, গত এক দশকেরও বেশি সময় ধরে বিসিএস, নার্সিংসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস করেছে এই চক্র। সর্বশেষ, গত ৫ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে চক্রটি।

প্রতিবেদনে আরও বলা হয়, সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়, হোয়াটসঅ্যাপে তার একটা কপি সংবাদমাধ্যমটির হাতে আসে অন্তত ১ ঘণ্টা আগে। আর অজ্ঞাত স্থানে রেখে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই, যা প্রমাণ স্বরূপ প্রতিবেদনে উপস্থাপন করা হয়।

ভিডিও প্রতিবেদনে প্রশ্নফাঁসের তথ্যের স্বীকারোক্তি দিয়েছেন বিপিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম। তিনি জানান, ‘উপপরিচালক হক মোহাম্মদ আবু জাফর স্যার ২ কোটি টাকার বিনিময়ে ট্যাঙ্ক থেকে তাকে প্রশ্নপত্র দিয়েছেন। তিনি অবগত আছেন ৪৫তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছে।’  

প্রকাশিত সংবাদে বিসিএসের প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে সব থেকে বেশি আলোচনায় আসেন সরকারী কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। সোমবার দুপুর থেকে বাবা-ছেলের দুজনের নানান কর্মকাণ্ডের ছবি ফেসবুকে ভাইরাল হয়।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : প্রশ্নফাঁস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক