গাজায় খাদ্য সংকট, তীব্র অপুষ্টিতে ভুগছে ৮ হাজার শিশু
মেডিভয়েস রিপোর্ট: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে তীব্র পুষ্টিকর খাদ্য ও পানির সংকটে দিশেহারা হয়ে উঠছে নিরীহ ফিলিস্তিনি শিশুরা। তাদের মুখে তুলে দেওয়ার মতো খাবারের সরবরাহ করা যাচ্ছে না।
অঞ্চলটিতে খাদ্য সংকটের বিপর্যয় সম্পর্কে সতর্কও করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলে পাঁচ বছরের কম বয়সী আট হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।
এদিকে গাজায় খাদ্যপণ্য শেষ হয়ে যাওয়ায় তীব্র সংকট দেখা দিয়েছে বলে এক সাক্ষাৎকারে আল জাজিরাকে জানিয়েছেন অঞ্চলটির উত্তরাঞ্চলে কর্মরত এক সরকারি কর্মকর্তা।
গাজা হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ২৫০ দিন ধরে চলা যুদ্ধে ১৫ হাজার ৬৯৪ জন শিশু নিহত হয়েছে এবং ১৭ হাজার শিশু তাদের বাবা-মাকে হারিয়ে এতিম হয়ে গেছে।
প্রসঙ্গত, গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়ে কয়েকশ ইসরায়েলিকে হত্যা করে প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে আসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জবাবে অবরুদ্ধ গাজায় অভিযান শুরু করে দখলদার বাহিনী। এতে এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৮৫ হাজার মানুষ। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।
দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ার চেষ্টা করেছে স্বাধীনতাকামী সংগঠন হামাসও। সংগঠনটির হামলায় এ পর্যন্ত প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি সামরিক ও বেসামরিক মানুষ নিহত হয়েছে।
এনএএন/
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ