স্বাস্থ্যখাতে বাজেট বাড়ছে: প্রতিমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যা পাস হবে আগামী ৩০ জুন। এবারের বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা জানিয়েছেন, এ বছর স্বাস্থ্যখাতে বাজেট বাড়ানো হবে। গতকাল বুধবার (৫ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক ফ্যাটি লিভার দিবস উপলক্ষে দৈনিক দেশ রূপান্তরের সেমিনার কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তিনি বলেছেন, ‘আশা করছি গতবারের তুলনায় বাজেট ভালো হবে। বাজেট অপ্রতুল মনে হয় কারণ-আমাদের একশ শয্যার হাসপাতালে দুই শতাধিক রোগী চিকিৎসা নেয়। সব হাসপাতালেই শয্যা সংখ্যার দ্বিগুণ রোগীর চিকিৎসা দিতে হয়। সেই হিসেবে কিছুটা অপ্রতুল হলেও, যে কোনো প্রয়োজনে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় অর্থের সংস্থান করেন।’
তিনি আরও বলেন, চিকিৎসা বিষয়ক গবেষণার জন্য প্রধানমন্ত্রী ল্যাবরেটরি তৈরির জন্য জায়গা বরাদ্দ দিয়েছেন।
এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কিডনি রোগের ডায়ালাইসিসে ব্যবহৃত দুটি অত্যাবশ্যকীয় পণ্য ফিল্টার ও সার্কিটের আমদানি শুল্ক কমানো হতে পারে প্রস্তাবিত বাজেটে। এতে ডায়ালাইসিসের খরচ কমবে। বর্তমানে পণ্য দুটির আমদানি শুল্ক ১০ শতাংশ রয়েছে, যা এক শতাংশ নির্ধারণ করার সুপারিশ করা হতে পারে বাজেটে।
তবে শর্ত সাপেক্ষে বিশেষায়িত হাসপাতাল শুল্কছাড় সুবিধায় বাড়তে পারে শুল্ক। বাজেটে দুই শতাধিক মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানির এক শতাংশ থেকে এক লাফে ১০ শতাংশ করা হতে পারে শুল্ককর। ফলে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয় আরও বাড়তে পারে বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
এনএআর/এএনএম