বাজেটে কমছে ডায়ালাইসিসের খরচ
মেডিভয়েস রিপোর্ট: আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যা পাস হবে আগামী ৩০ জুন।
প্রস্তাবিত এই বাজেটে ডায়ালাইসিসে ব্যবহৃত দুটি অত্যাবশকীয় পণ্য ফিল্টার ও সার্কিটের আমদানি শুল্ক কমানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে কিডনিজনিত রোগে আক্রান্ত ডায়ালাইসিস নেওয়া রোগীদের জন্য সুখবর আসছে।
জানা গেছে, দেশে কিডনিজনিত রোগে আক্রান্ত রোগী রয়েছেন প্রায় ৩ কোটি ৮০ লাখ। যদিও এসকল রোগীদের সবার ডায়ালাইসিসের প্রয়োজন হয় না। তবে যারা ডায়ালাইসিস নেন, বাজেট আনুষ্ঠানিকভাবে পাস হওয়ার পর তাদের খরচ কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডায়ালাইসিসে ব্যবহৃত দুটি অত্যাবশকীয় পণ্য হলো ফিল্টার ও সার্কিট। এই দুটি প্রয়োজনীয় উপকরণের আমদানি শুল্ক কমানো হতে পারে। বর্তমানে ফিল্টার ও সার্কিটের আমদানি শুল্ক ১০ শতাংশ রয়েছে, যা ৯ শতাংশ কমিয়ে ১ শতাংশ নির্ধারণ করার সুপারিশ করা হতে পারে এ বাজেটে। যার কারণে খরচ কমবে ডায়ালাইসিসের।
এদিকে গতকাল বুধবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক বৈঠকে আসন্ন অর্থবছরে স্বাস্থ্যখাতে বাজেট বাড়ানো হবে বলে জানিয়েছিলেন।
এনএএন/