গোপালগঞ্জে হবে ভ্যাক্সিন প্ল্যান্ট: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে ভ্যাক্সিন প্ল্যান্ট করার পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
রোববার (২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রীর জেনেভা ও লন্ডন ট্যুর নিয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে এ কথা বলেন তিনি।
দেশে ভ্যাক্সিন প্ল্যান্ট তৈরির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্প্রতি অক্সফোর্ডে গিয়ে অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কারকের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশে ভ্যাক্সিন প্ল্যান্ট করার প্রস্তাব জানান এবং টেকনিক্যাল সাপোর্ট চান। তিনি বিষয়টি শুনে সাধুবাদ জানিয়ে সকল ধরনের সাপার্টের আশ্বাস দেন।
অক্সফোর্ডে বাংলাদেশি গবেষকদের সঙ্গেও সাক্ষাতে এ বিষয়ে কথা হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক মন্ত্রী ও কর্মকর্তার সঙ্গে দেশের স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্র নিয়েও আলোচনা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎকালেও ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপন ও ভ্যাকসিন তৈরির বিষয় তুলে ধরেন মন্ত্রী। এ ছাড়া সাক্ষাৎকালে, স্বাস্থ্যমন্ত্রী ওষুধ প্রশাসন অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি, সংক্রামক ও অসংক্রামক ব্যাধি প্রতিরোধ, কমিউনিটি ক্লিনিককে জনস্বাস্থ্য সেবার মূল কেন্দ্রে রেখে অধিকতর শক্তিশালীকরণের উপর জোর দেন।
সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে বলে সাংবাদিকদের জানান তিনি। এ সময় ডেঙ্গু চিকিৎসার বিষয়ে তিনি বলেন, ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে ওষুধপত্র, স্যালাইনসহ হাসপাতালে সার্বিক প্রস্তুতি রাখা হয়েছে। ডেঙ্গু মৌসুম শুরু হলে এ বিষয়ে আরও উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আরও বলেন, বাংলাদেশ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে ফাইলেরিয়া নির্মূল এবং বিশ্বে প্রথম রাষ্ট্র হিসেবে কালাজ্বর নির্মূল করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ৭৭তম সাধারণ সভায় তার বক্তব্যে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন।
এনএএন/এএনএম