০২ জুন, ২০২৪ ০৩:১২ পিএম

হিট স্ট্রোক: নিম্ন-আয়ের মানুষের সচেতনতায় মেডিকেল শিক্ষার্থীদের কর্মসূচি

হিট স্ট্রোক: নিম্ন-আয়ের মানুষের সচেতনতায় মেডিকেল শিক্ষার্থীদের কর্মসূচি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হিট স্ট্রোক প্রতিরোধে দিনমজুর, নিম্ন আয়ের মানুষদের সচেতন করতে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি (বিএমএসএস)। খেটে খাওয়া মানুষদের সুস্থতা নিশ্চিতে ‘তাপ সহনশীলতা’ প্রচারাভিযান কর্মসূচি হাতে নেন আয়োজকরা।

শনিবার (০১ জুন) দুপুরে রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দিনমজুরদের সচেতন করা এবং কিছু প্রয়োজনীয় টিপস প্রদান করা, যা তাদের প্রচণ্ড গরমে নিরাপদ ও সুস্থ থাকতে সাহায্য করবে।

আয়োজকেরা বলেন, ‘প্রচণ্ড তাপদাহ বর্তমানে পুরো দেশজুড়ে চলছে। এমন পরিস্থিতিতে সূর্যের নিচে যারা ছায়াহীনভাবে অক্লান্ত পরিশ্রম করে আমাদের সমাজকে সুন্দর করার কাজে নিয়োজিত তাদের নিয়ে আমরা সব থেকে বেশি উদাসীন। তীব্র দাবদাহে অক্লান্ত পরিশ্রমকারী এসব দিনমজুরদের সুস্থতা নিশ্চিতেই এই আয়োজন।’

তারা বলেন, পানিশূন্যতা বিপজ্জনক হতে পারে, তাই হাইড্রেটেড থাকা গুরুত্বপূর্ণ। এজন্য অনুষ্ঠানের অংশ হিসেবে শ্রমজীবী এসব মানুষের জন্য দিনভর শরবতের ব্যবস্থা করা হয়। পাশাপাশি এই সচেতনতা কর্মসূচির মধ্য দিয়ে দিনমজুরদের সারাদিন প্রচুর পানি পান করতে উৎসাহিত করা হয়েছে। 

আয়োজকরা জানান, তাদের পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের শীতল থাকতে সাহায্য করার জন্য হালকা রঙের, ঢিলেঢালা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি টুপি পরতেও বলা হয়েছে। এ ছাড়া এই কর্মসূচির মধ্য দিয়ে বিশ্রামের জন্য ছায়াযুক্ত জায়গায় নিয়মিত বিরতি নিতে উৎসাহিত করা হয় এবং সকালে বা সন্ধ্যার পরে তারা যাতে কাজ করেন সেই পরামর্শও দেওয়া হয়।

তারা আরও জানান, ইতিমধ্যে তাদের তাপ ক্লান্তি এবং হিট স্ট্রোকের লক্ষণগুলো, যেমন মাথা ঘোরা, দ্রুত হৃদস্পন্দন এবং বিভ্রান্তি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। যদি তারা এই উপসর্গগুলোর কোনোটি অনুভব করেন, তবে তাদের চিকিৎসা নিতে উদ্বুদ্ধ করা হয়েছে।

এমন সচেতনতা ও ব্যবহারিক টিপস তীব্র গরমে খেটেখাওয়া মানুষকে নিরাপদ এবং সুস্থ থাকতে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।

এনএএন/এএনএম

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক