৩০ মে, ২০২৪ ০৫:৪৩ পিএম

বিডিএস সেকেন্ড প্রফে সেরা ঢাকা ডেন্টালের প্রজ্ঞা

বিডিএস সেকেন্ড প্রফে সেরা ঢাকা ডেন্টালের প্রজ্ঞা
প্রতীতি প্রীতি প্রজ্ঞা।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভু্ক্ত ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস সেকেন্ড প্রফেশনাল পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন ঢাকা ডেন্টাল কলেজের (ডিডিসি) শিক্ষার্থী প্রতীতি প্রীতি প্রজ্ঞা।

রোববার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

সেকেন্ড প্রফেশনাল পরীক্ষার সিলেবাসে ফার্মাকোলজি (ফার্মাকোলজি ও ডেন্টাল ফার্মাকোলজি) ও প্যাথলজি (প্যাথলজি ও মাইক্রোবায়োলজি)—এই দুটি বিষয় রয়েছে। প্রতীতি প্রীতি প্রজ্ঞা দুটি বিষয়েই বিডিএসের সর্বোচ্চ নম্বর অনার্স মার্ক পেয়েছেন। প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান করেছেন ঢাকা ডেন্টালের ডি ৫৮তম ব্যাচের এই শিক্ষার্থী।

অনুভূতি জানতে চাইলে প্রজ্ঞা মেডিভয়েসকে বলেন, ‘আসলে এই অনুভূতিটা ব্যক্ত করার মতো নয়। আমাদের যখন রেজাল্ট দিয়েছে, তখন ক্লাস চলছিল। হঠাৎ করে সবাই বলে উঠলো রেজাল্ট দিয়েছে, রেজাল্ট দিয়েছে। আসলে পরীক্ষা দেওয়ার পর একটা ভয় থাকে পাস করবো কিনা। ফলাফল দেখে বিশ্বাস করতে একটু সময় লাগছিল। এখন পর্যন্ত খুবই ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘এই ফলাফলের পিছনে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল স্যারের অনেক অবদান রয়েছে। তিনি আমাদেরকে শিক্ষাবান্ধব পরিবেশ উপহার দিয়েছেন। এছাড়াও অন্যান্য শিক্ষকদেরও অবদান অনেক বেশি। আমি তাঁদের প্রতি অনেক কৃতজ্ঞ। আর আমার বাবা-মায়ের কথা তো না বললেই নয়।’

প্রজ্ঞার গ্রামের বাড়ি সিলেট জেলায়। তিনি নগরীর স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। প্রজ্ঞার বাবা একজন ব্যবসায়ী ও মা ব্যাংকার। বাবা-মায়ের একমাত্র সন্তান প্রজ্ঞা।

এর আগে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন প্রজ্ঞা। তিনি ২০২০-২১ সেশনের বিডিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ৩৯ তম স্থান অর্জন করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত