৩০ এপ্রিল, ২০২৪ ০৭:৫২ পিএম

চিকিৎসকদের দেখে যেন সবাই শ্রদ্ধাবনত হন: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের দেখে যেন সবাই শ্রদ্ধাবনত হন: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। ছবি: আব্দুল লতিফ সাদ্দাম

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, সকলের সহযোগিতায় দেশের চিকিৎসা খাতকে এমন জায়গায় নিয়ে যেতে চান, যাতে চিকিৎসকদের দেখলে সবাই শ্রদ্ধাবনত হন।

২৭তম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) দিবস উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

অধ্যাপক সামন্ত লাল সেন বলেন, ‘চিকিৎসক ও নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীর সহযোগিতায় দেশের চিকিৎসা খাতকে এমন এক জায়গায় নিয়ে যেতে চাই, যাতে চিকিৎসকদের দেখলেই সবার মাথা শ্রদ্ধাবনত হয়ে যায়।’

ভুটানে চিকিৎসা ক্যাম্প পরিচালনার অভিজ্ঞতার কথা ‍তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমি একবার ভুটানে গিয়েছিলাম। সেখানে ভুটানের মানুষ আমাদের চিকিৎসা ব্যবস্থার বেশ প্রশংসা করেছে। শুধু ভুটানের না, নেপালেও দেখে আসছি আমাদের চিকিৎসা ব্যবস্থায় তারা খুশি৷ আমি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কথা বলেছি। তারা আমাদের দেশে চিকিৎসা নিতে আসছে।’

তিনি আরও বলেন, ‘বাইরের দেশ যখন আমাদের চিকিৎসার ওপর আস্থা রাখে, তখন আমাদের গর্ব হয়। তাই আপনারা আমাদের চিকিৎসা বিজ্ঞানকে এমনভাবে এগিয়ে নিয়ে যান যেন বিশ্বে আমাদের নিয়ে আলোচনা হয়।’

স্বাস্থ্য সুরক্ষা আইনের দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের সুরক্ষা আমি দেখবো, কিন্তু রোগীদের সুরক্ষাও আপনাদের নিশ্চিত করতে হবে। আমি আপনাদের সুরক্ষার বিষয় দেখবো। আপনাদের সঙ্গে কোনো অবিচার হলে আমি দেখবো। আমি আপনাদের সাথে থাকবো। কিন্তু আপনাদের রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। না হলে আমি ব্যবস্থা নেবো।’

ডা. সামন্ত লাল সেন বলেন, অফিস চলাকালীন কোনো চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিসের উদ্দেশ্যে হাসপাতালের বাইরে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে যেই হোক না কেন।

এ সময় ভুল চিকিৎসা বলে কিছু নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ভুল চিকিৎসা বলার অধিকার রয়েছে একমাত্র বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি)। কোনো চিকিৎসকের বিরুদ্ধে যদি সেখানে কমপ্লেইন করা হয়, তারা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়। ভুল চিকিৎসা এবং অবহেলাজনিত কারণে ইতোমধ্যে বেশ কয়েকজন চিকিৎসককে শাস্তি দিয়েছে বিএমডিসি। সুতরাং হুট করে আমরা ভুল চিকিৎসা বলে দেবো, সেটা ঠিক না।’

তিনি আরও বলেন, ‘আমাদের চিকিৎসকরা তাদের প্রাইভেট প্র্যাকটিস করেন, সেটি তারা করতেই পারেন, এটা তাদের অধিকার। কিন্তু আমি উপলব্ধি করেছি এবং দেখেছি, কিছু চিকিৎসক ১২টার আগেই তাদের প্রাইভেট চেম্বারে চলে যান। কিছুদিন আগেই ব্রাহ্মণবাড়িয়ায় একজন চিকিৎসক অফিস চলাকালীন প্রাইভেট চেম্বারে গিয়ে অপারেশন করেছেন, এবং দুর্ভাগ্যজনকভাবে সেই রোগীটি মারা যান। আমার কাছে যখন খবরটি এসেছে, আমি তখন লজ্জায় মাথা উঠাতে পারছিলাম না। এই বিষয়গুলো আমাদের কঠোরভাবেই দেখতে হবে।’

এ সময় নবীন চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী হওয়ার গল্প শোনান তিনি। বলেন, ‘আমি নাটক দেখতে ভালোবাসি। একদিন আমি আর আমার স্ত্রী নাটক দেখছিলাম। হটাৎ আমার কাছে একটি ফোন আসলো। এরপর কোথায় গেল আমার স্ত্রী, কোথায় গেল নাটক, তার হিসাব নাই। আমি সারাদেশ ঘুরে বেড়াচ্ছি। ঘুরে ঘুরে হাসপাতাল পরিদর্শন করছি।’

বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ও কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন।

বিএসএমএমইউ প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ। 

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত