ডা. মুহাম্মাদ আনিসুর রহমান

ডা. মুহাম্মাদ আনিসুর রহমান

চিকিৎসক, প্রাবন্ধিক


০৮ এপ্রিল, ২০২৪ ০২:৪৮ পিএম

প্রস্রাবে ইনফেকশন হলে করণীয়

প্রস্রাবে ইনফেকশন হলে করণীয়
প্রতীকী ছবি

প্রস্রাবে ইনফেকশন বলতে মূলত মুত্রনালী, মুত্রথলি, প্রোস্টেট গ্রন্থি এবং কিডনির ইনফেকশনকে বোঝায়। মূলত ব্যাকটেরিয়া দিয়ে এ ইনফেকশন হয়ে থাকে। এটি নারী ও পুরুষ উভয়ের হয়ে থাকে। তবে পুরুষের তুলনায় নারীদের বেশি হয়ে থাকে।

প্রস্রাবে ইনফেকশনের কারণ

★ অপরিচ্ছন্ন থাকা—অর্থাৎ যারা পরিষ্কার-পরিচ্ছন্নতা অবলম্বন করেন ক। একই কাপড় (বিশেষ করে অন্তর্বাস বা জাঙ্গিয়া) না ধুয়ে দীর্ঘদিন পরিধান করা। এতে প্রস্রাবে ইনফেকশনের ঝুঁকি বাড়ে৷
★ প্রস্রাব, পায়খানার পর যৌনাঙ্গ ভালোভাবে পরিষ্কার না করা। 
★ প্রস্রাবের বেগ আটকে রাখা। 
★ যাদের ডায়াবেটিস আছে, তাদের ঝুঁকি বেশি। 
★ শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায়, তাদের প্রস্রাবে ইনফেকশনের ঝুঁকি বেশি। 
★ যারা যৌনাঙ্গে বিভিন্ন স্প্রে, জেল, পাউডার ইত্যাদি ব্যবহার করেন, তাদের ইনফেকশনের ঝুঁকি বেশি। 
★ এ ছাড়া যাদের পূর্বে প্রস্রাবে ইনফেকশন হয়েছিল, তাদের পুনরায় ইনফেকশনের ঝুঁকি রয়েছে।

প্রস্রাবে ইনফেকশনের লক্ষণ

★ তলপেটে বা কুঁচকিতে ব্যথা। 
★ প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া বা ব্যথা। 
★ ঘনঘন প্রস্রাবের বেগ তৈরি হওয়া। 
★ প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। 

এ ছাড়া ইনফেকশন কিডনি পর্যন্ত পৌঁছে গেলে তাকে পাইলোনেফ্রাইটিস বলে। পাইলোনেফ্রাইটিস হলে জ্বর বা কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে, তলপেট, কোমড় ও কোমড়ের দুইপাশে ব্যথা হতে পারে।

চিকিৎসা

যেহেতু মূলত ব্যাক্টেরিয়া দিয়ে এ ইনফেকশন হয়, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক ওষুধ সেবন করতে হবে। 

★ পর্যাপ্ত পানি পান করতে হবে।
★ প্রস্রাবের বেগ হলে আটকে না রেখে প্রশ্রাব করা। 
★ প্রস্রাব পায়খানার পর ভালোভাবে পরিষ্কার করা। আগে প্রস্রাবের রাস্তা পরিষ্কার করা, তারপর পায়খানার রাস্তা পরিষ্কার করা। পায়খানার রাস্তা পরিষ্কার করার পর যদি প্রস্রাবের রাস্তায় হাত দিতে হয়, তবে আগে হাত ভালোভাবে সাবান দিয়ে ধৌত করে নেয়া। 
★ সহবাসের পর প্রস্রাব করা ও যৌনাঙ্গ ভালোভাবে পরিষ্কার করা।  
★ যৌনাঙ্গে স্প্রে, জেল, পাউডার ইত্যাদির ব্যবহার সীমিত করা। 
★ ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণ করা। 

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত