০৯ জানুয়ারী, ২০২৪ ০১:০৭ পিএম

চার বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা

চার বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা
অধিদপ্তরের পরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের চারটি বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে শিক্ষার্থীদের ভর্তি হতে নিষেধ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এসব প্রতিষ্ঠান চিকিৎসা শিক্ষা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নির্দেশনা ভঙ্গ করায় এসব মেডিকেলের শিক্ষার্থীদের পেশাগত সনদ অনুমোদন বন্ধ রেখেছে চিকিৎসা শিক্ষার দেশীয় তদারক সংস্থাগুলো।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) অধিদপ্তরের পরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের নিষেধাজ্ঞায় রয়েছে—রাজধানীর আব্দুল্লাহপুর উত্তরায় অবস্থিত আইচি মেডিকেল কলেজ, ধানমন্ডির নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, রংপুরের নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ এবং রাজশাহীর শাহ্ মখদুম মেডিকেল কলেজ। দেশের এবং বাংলাদেশে চিকিৎসা শিক্ষায় পড়তে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের এ কলেজগুলোয় ভর্তি হতে নিষেধ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত পাঁচ বছরের বিভিন্ন সময়ে নানা অনিয়ম ও নীতিমালা বহির্ভূত কাজ করে অভিযুক্ত কলেজগুলো। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত সনদ অনুমোদন বন্ধ রেখেছে বিএমডিসি। তাই এসব প্রতিষ্ঠানে ভর্তি হলে শিক্ষার্থীরা পরবর্তীতে পেশাগত কাজে যোগদানের ক্ষেত্রে জটিলতায় পড়তে পারেন। সেজন্য নিষেধাজ্ঞা থাকায় এসব শিক্ষালয়ে বিদ্যার্থীদের ভর্তি হতে সতর্কতার বিষয়টি নতুন করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি ১০২টি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে মোট আসন রয়েছে ১১ হাজার ৭২৮টি। এর মধ্যে সর্বশেষ ১ হাজার ৩০ আসন বেড়ে সরকারিতে ৫ হাজার ৩৮০টি ও বেসরকারিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে ৬ হাজার ৩৪৮টি আসন। দেশের বেসরকারি মেডিকেলের এসব আসনে দেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে (দরিদ্র কোটাসহ) ৩ হাজার ৬৫৭টি এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৪৫ শতাংশ কোটা হিসেবে রয়েছে ২ হাজার ৫৫১টি আসন।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত