১৮ ডিসেম্বর, ২০২৩ ০৩:৫৩ পিএম

স্বাভাবিক প্রসবে অভাবনীয় সাফল্য সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে

স্বাভাবিক প্রসবে অভাবনীয় সাফল্য সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে
হাসপাতালটিতে গত নভেম্বর মাসে ৮০টি সহ চলতি বছর মোট ৫৫১টি (নভেম্বর পর্যন্ত) স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: প্রসূতি মহিলাদের ‘দাওয়াত কার্ড’ পৌছানো সহ বিভিন্ন কৌশলে স্বাভাবিক প্রসবে আগ্রহী করে অভাবনীয় সাফল্য অর্জন করেছে নওগাঁ জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালটিতে গত নভেম্বর মাসে ৮০টি সহ চলতি বছর মোট ৫৫১টি (নভেম্বর পর্যন্ত) স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে, যা হাসপাতালের ইতিহাসে সর্বোচ্চ ও জেলায় প্রথম।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রুহুল আমিন মেডিভয়েসের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা বিভিন্ন উপায়ে সাধারণ মানুষকে স্বাভাবিক প্রসবে উদ্বুদ্ধ করে থাকি। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রসূতি মহিলাদের বিনামূল্যে ‘প্রসূতি দাওয়াত কার্ড’ দেওয়া। দাওয়াত কার্ডপ্রাপ্ত প্রসূতিরা প্রসবের আগে আমাদের স্বাস্থ্যকমপ্লেক্স ঘুরে দেখে যান। এখানে আলাদা ডেলিভারি ইউনিট আছে, যেখানে ছয় জন মিডওয়াইফ সার্বক্ষণিক তত্ত্বাবধান করেন। দাওয়াত কার্ডপ্রাপ্ত প্রসূতিদের ডেলিভারির আগ মুহূর্ত পর্যন্ত কাউন্সিলিং ও চেকআপ করেন এ ছয়জন মিডওয়াইফ। ডেলিভারি পরবর্তী এক মাসের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে। শীতাতপ নিয়ন্ত্রিত এবং সব ধরনের যন্ত্রপাতির সমন্বয়ে প্রস্তুত থাকে ডেলিভারি রুম।’

তিনি আরও বলেন, ‘মাঠ পর্যায়ে শিক্ষক, চেয়ারম্যান, মেম্বার, স্বাস্থ্যকর্মী ছাড়াও বিভিন্ন এনজিওর স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বার্তা পৌঁছানোর নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়। ফলে সাধারণ মানুষের মধ্যেও এ বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে কোনো ধরনের সমস্যা ছাড়া কেউ স্বাভাবিক প্রসব সম্পন্ন করার পর সেটা তিনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন। এভাবে লোকমুখেও বার্তাটি প্রচার হয়ে যাচ্ছে। ‘নরমাল ডেলিভারিকে হ্যাঁ, সিজারিয়ানকে না বলুন’—এই স্লোগানকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি, যার কিছু সাফল্য আমরা দেখতে শুরু করেছি।’

প্রসঙ্গত, নওগাঁ জেলার সীমান্তবর্তী বরেন্দ্র উপজেলা সাপাহার। এই উপজেলার জনসাধারণের স্বস্থ্যের মান নিশ্চিত করতে সরকারি অর্থায়নে ১৯৮২ সালে স্থাপিত হয় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। প্রাথমিক পর্যায়ে ১৯৮৮ সালে ৩১ শয্যা বিশিষ্ট ভবন নির্মিত হলেও পরবর্তীতে এটি ৫০ শয্যা বিশিষ্ট শিশুবান্ধব হাসপাতাল হিসেবে উন্নীত করা হয়। পরবর্তীতে দীর্ঘ পথ পরিক্রমায় এই স্বাস্থ্য কমপ্লেক্সটি উন্নয়নের স্বীকৃতি স্বরূপ রাজশাহী বিভাগীয় শ্রেষ্ঠত্বের সম্মাননা লাভ করে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নওগাঁ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক