না ফেরার দেশে ডা. হাফিজ উদ্দিন চৌধুরী
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ডেন্টাল কলেজের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ডা. হাফিজ উদ্দিন চৌধুরী আর নেই। শুক্রবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ শনিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর আজিমপুরে ছাপড়া মসজিদে তাঁর জানাজা হয়। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়।
মুন্সীগঞ্জের সন্তান ডা. হাফিজ উদ্দিন চৌধুরী মৃত্যুর সময় স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার সন্তানদের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে ডেন্টিস্ট, আরেক ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার।
তাঁর মৃত্যুতে চিকিৎসক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। ডা. হাফিজের স্মৃতিচারণের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক জানিয়েছে তার সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙক্ষীরা।
শোক জানিয়েছে ডেন্টাল সার্জনদের সংগঠন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।
এক শোকবার্তায় সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল বলেন, ‘তিনি সবার বিশ্বস্ত ও প্রিয়ভাজন ছিলেন। পেশাগত সকল কাজে তিনি অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। সোসাইটির নির্বাচনে তিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করতেন।’
ডা. হাফিজ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।
এএনএম/