জাতীয় অধ্যাপক আব্দুল মালিকের মৃত্যুতে বিএমএর শোক
মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী সাক্ষরিত এক বার্তায় এ শোক জানানো হয়।
জাতীয় অধ্যাপক আব্দুল মালিক গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে নিজেদের প্রতিষ্ঠিত রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৯৪ বছর। তিনি স্ত্রী এক কন্যা, দুই পুত্র, বন্ধু-স্বজন, ছাত্র-ছাত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একমাত্র কন্যা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফজিলা-তুন-নেছা মালিক ও জামাতা বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ও নিটোরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আওয়াল রিজভী।
দেশের হৃদরোগ চিকিৎসার অন্যতম পথিকৃৎ অধ্যাপক ডা. আব্দুল মালিক ১৯৫৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। পরে ১৯৫৫ সালে পাকিস্তান সেনাবাহিনীতে মেডিকেল কোরে যোগদান করেন।
১৯২৯ সালের ১ ডিসেম্বর সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার অর্ন্তগত পশ্চিম ভাগ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী ডা. আব্দুল মালিক ২০০১ সালে গঠিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও ধর্ম বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। চিকিৎসা বিজ্ঞান ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন।
‘বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন মরহুম ডা. আব্দুল মালিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে’—উল্লেখ করা হয় শোকবার্তায়।