২৯ নভেম্বর, ২০২৩ ১০:৫০ এএম

‘এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি’

‘এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি’
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল। তিনি বলেন, গত বছরের ধারাবাহিকতায় এবারও প্রায় এক মাস পরীক্ষা এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে। তবে এর সবই নির্ভর করছে জাতীয় সংসদ নির্বাচনসহ পারিপার্শ্বিক ঘটনাপ্রবাহের ওপর।

সোমবার (২৭ নভেম্বর) রাতে মেডিভয়েসকে মুঠোফোনে এ কথা জানান তিনি।

স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘সামনে জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ইস্যু আছে। সেটা মাথায় আছে। এটা বিবেচনায় নিয়েই আমরা একটি তারিখ ঠিক করবো। তবে সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো সম্ভব নয়।’ 

সাধারণত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের এক-দেড় মাসের মাথায় এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে নীতিমালাসহ বিজ্ঞপ্তি প্রকাশের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়। গত ২৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

এই প্রেক্ষাপটে মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রী মহোদয়ের সঙ্গে মিটিং করে সাধারণত আমরা সিদ্ধান্ত নিই। তা এখনো হয়নি।’

ভর্তি পরীক্ষা আয়োজনের কার্যক্রম অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে নিয়মিতই বৈঠক হচ্ছে। এর মধ্যে নীতিমালা পরিবর্তনের প্রয়োজন আছে কিনা, সেই সঙ্গে গতবারের অভিজ্ঞতাগুলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এর আগে গত ৭ নভেম্বর অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল মেডিভয়েসকে বলেন, ‘গত বছর যে সময় ভর্তি পরীক্ষা হয়েছে, এবার তার চেয়ে কমপক্ষে এক মাস এগিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা আছে। করোনার কারণে শিক্ষাবর্ষ যে পিছিয়ে গিয়েছিল, সেটা এগিয়ে আনার চেষ্টা চলবে। এ চিন্তা থেকেই করোনার মধ্যেও মেডিকেল কলেজগুলো সবার আগে পরীক্ষা নেওয়া শুরু করে। সে সময় মেডিকেল ভর্তি পরীক্ষাও থেমে থাকেনি।’

তারও আগে গত ২৭ সেপ্টেম্বর তিনি বলেছিলেন, ‘গতবারও পরীক্ষা এগিয়ে এনে ১০ মার্চ আয়োজন করেছিলাম। করোনাজনিত কারণে পিছিয়ে যাওয়ার বিষয়টি পুষিয়ে নেওয়ার যে চেষ্টা, এটা এ বছরও অব্যাহত থাকবে, এটুকু বলতে পারি। যত আগে নেওয়া সম্ভব হয়, আমরা সেটা করবো। কারণ এগিয়ে আনতে না পারলে পূর্বের অবস্থানে যেতে পারবো না।’

এ বছর দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আরও এক হাজার ৩০টি আসন বৃদ্ধি করেছে সরকার। এতে মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার ৩৮০টিতে। বর্ধিত আসনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিটি সরকারি মেডিকেল কলেজে আসন বেড়েছে ২০-৬০টি পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে বেশি আসন বেড়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ৬০টি। এ ছাড়া মানিকগঞ্জের কর্নেল মালেক ৫০টি ও শেখ হাসিনা মেডিকেল কলেজে ৬০টি করে, শহীদ মনসুর আলী মেডিকেলে ৩৫টি, সাতক্ষীরা মেডিকেলে ৩৫টি ও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ৩৫টি আসন বেড়েছে।

এর আগে দেশের সরকারি ৩৭টি সরকারি মেডিকেল কলেজে বছরে ৪ হাজার ৩৫০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়ে আসছেন। আসন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে এ সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৩৮০। 

আসন বৃদ্ধির ফলে আগামী বছর থেকে চিকিৎসাবিদ্যায় পড়ার স্বপ্ন পূরণ হবে আরও ১ হাজার শিক্ষার্থীর। তবে শিক্ষক ও অবকাঠামোসহ মেডিকেল শিক্ষায় বিদ্যমান সংকট সমাধান করে আসন বাড়ালে শিক্ষার মান বাড়তো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত