ডা. কাজেম আহমেদের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
মেডিভয়েস রিপোর্ট: দুর্বৃত্তদের হামলায় নিহত জনপ্রিয় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদ হত্যাকাণ্ডে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছে রাজশাহীর চিকিৎসকরা।
আজ শনিবার (৪ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) রাজশাহী শাখার ব্যানারে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ সমাবেশে চিকিৎসক নেতারা বলেন, ডা. গোলাম কাজেম হত্যাকাণ্ডের ৬ দিন পেরিয়ে গেলেও একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে চিকিৎসকসমাজকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গভীর রাতে রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় এলাকায় দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন জনপ্রিয় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদ।
চিকিৎসদের একাধিক সূত্রে জানা গেছে, নগরীর লক্ষ্মীপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কনসালটেন্ট হিসেবে নিয়মিত রোগীদের চিকিৎসা দিতেন ডা. আলী আহমেদ। প্রতিদিনের মতো রোববার রাতে রোগী দেখে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বর্ণালীর মোড়ের খানিকটা আগে রাজীব চত্বরের বিপরীত পাশে মসজিদের নিকট তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় অতর্কিতে তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় রাস্তা থেকে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। শুরুতে সাধারণ ওয়ার্ডে (৫ নম্বর) ভর্তি করা হলেও পরে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তবে এর কিছুক্ষণের মধ্যে ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের কৃতি সন্তান ডা. কাজেম আলী আহমেদ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন রামেকের ৪২তম ব্যাচের শিক্ষার্থী। পরবর্তীতে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে ডার্মাটোলজিতে এফসিপিএস সম্পন্ন করেন। এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ডিডিভি করেন। তিনি অল্প সময়ে কসমেটিক সার্জারিতে অভিজ্ঞতা অর্জন করেছিলেন।
এসএস
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬