গাজায় অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলায় জাতিসংঘের নিন্দা
মেডিভয়েস ডেস্ক: ফিলিস্তিনের গাজায় অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই নিন্দা জানান।
বিবৃতিতে অ্যাম্বুলেন্স বহরে হামলার ঘটনাকে 'ভীতিকর' হিসেবে উল্লেখ করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) গাজা সিটির আল-শিফা হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সে ইসরায়েল হামলা করে। এ ঘটনায় ১৫ জন নিহত ও ৬০ জনেরও বেশি আহত হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয় বিবৃতিতে গুতেরেস বলেন, আল-শিফা হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্স বহরে হামলার ঘটনা অত্যন্ত আতঙ্কের। হাসপাতালের বাইরে রাস্তায় মানুষের মরদেহগুলো পড়ে আছে, এটি অত্যন্ত ভয়ংকর।
জাতিসংঘ মহাসচিব গাজায় অবিলম্বে বোমা হামলা বন্ধের আহ্বান জানান।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, গাজা নগরীর এক হাসপাতালের প্রবেশদ্বার থেকে মাত্র কয়েক ফুট দূরে একটি অ্যাম্বুলেন্সের ওপর ইসরায়েলি বাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ১৫ জন নিহত ও ৬০ জনেরও বেশি আহত হয়েছে।
জাতিসংঘ প্রধান আরও বলেন, ‘প্রায় এক মাস ধরে, গাজার বেসামরিক নাগরিক, যাদের মধ্যে শিশু এবং নারী রয়েছে তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। কোনো ধরনের সহায়তা দেওয়া হচ্ছে না, হত্যা করা হচ্ছে এবং তাদের বাড়িঘরে বোমা ফেলা হচ্ছে। অবশ্যই এটি বন্ধ করতে হবে।’
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’