০২ নভেম্বর, ২০২৩ ০৮:১৯ পিএম

প্রফ পরীক্ষায় বসার দাবিতে গণস্বাস্থ্য মেডিকেল শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

প্রফ পরীক্ষায় বসার দাবিতে গণস্বাস্থ্য মেডিকেল শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। 

মেডিভয়েস রিপোর্ট: প্রশাসনিক জটিলতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ১১০ শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে। সকল নিয়ম মেনে মেডিকেলে ভর্তি হলেও প্রথম প্রফেশনাল পরীক্ষায় বসতে পারছেন না তারা। এ অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

মঙ্গলবার (৩১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গণস্বাস্থ্য মেডিকেলের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

এ সময় অভিভাবকেরা বলেন, ‘আমাদের ১১০ জন সন্তান পরীক্ষায় অংশগ্রহণ করে মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করেছে। তারা সকল যোগ্যতার মাপকাঠি অনুসরণ করে সমাজভিত্তিক গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। ২ নভেম্বর থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করেছিল। নিয়মানুযায়ী আমাদের ১১০ জন শিক্ষার্থীরও পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রশাসনিক জটিলতার কারণে এটি সম্ভব হয়নি।’

তারা আরও বলেন, ‘যদিও কলেজের অভ্যন্তরীণ সকল পরীক্ষায় তারা মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েছে। কিন্তু গত আগস্ট মাসে আমরা জানতে পারলাম, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে অভ্যন্তরীণ কারণে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এমনকি বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্তও গড়িয়েছে।’

মেডিকেল কলেজের অনিয়মের কথা জানিয়ে তারা বলেন, ‘মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে মাত্র ৬০ জন শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু মেডিকেল কলেজ হাইকোর্টে এক রিটপিটিশন দাখিল করে আরও ৫০ জন অতিরিক্ত ছাত্র-ছাত্রী ভর্তি জন্য আদেশ পায় এবং সর্বমোট ১১০ জন শিক্ষার্থী ভর্তি করে। ভর্তির চার মাস পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করেন। ফলে রিটপিটিশনের আদেশ স্থগিত হয়ে যায়, যা এখন অ্যাপিলেট ডিভিশনে শুনানির অপেক্ষায় রয়েছে।’

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, ‘প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া এ সমস্যা থেকে উত্তরণের বিকল্প পথ নেই। আমাদের ১১০ জন সন্তানের শিক্ষা জীবনের চরম দুরবস্থায় পড়েছে। আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রী সু-দৃষ্টি আশা করছি। আমরা আমাদের স্থায়ী সম্পদ, অর্থাৎ জমিজমা বিক্রি করে সন্তানদের চিকিৎসক বানানোর লক্ষ্যে গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ভর্তি করেছিলাম। ভর্তির জটিলতা সম্পর্কে আমরা অবগত ছিলাম না।’

এসএস/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সমাজ ভিত্তিক গণস্বাস্থ্য মেডিকেল কলেজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত