৩০ অক্টোবর, ২০২৩ ০১:৪১ পিএম

ডা. কাজেম আহমেদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

ডা. কাজেম আহমেদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
নিহত ডা. কাজেম আলী আহমেদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দুর্বৃত্তদের হামলায় নিহত জনপ্রিয় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদের মৃত্যুতে চিকিৎসক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা বলছেন, অল্প বয়সে একজন মেধাবী চিকিৎসকের পরলোকগমন রাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতি। হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।

শোক জানিয়ে কুমল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামরুল হাসান সোহেল বলেন, ‘বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমাদকে চেম্বার থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাঁর পথরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হলে সেখানে তিনি ইন্তেকাল করেন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।’

ডা. কাজেম আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডা. মুহিব্বুর রহমান রাফে। তিনি বলেন, ‘মাত্র কয়েকদিন আগে নিহত হলেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তার রক্তের দাগ না শুকাতেই রাজশাহীতে ডা. গোলাম কাজেম আলী আহমেদকে চেম্বার থেকে রোগী দেখে বাসায় যাওয়ার পথে বুকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা।’

ডা. কাজেম আলী আহমেদ অল্প বয়সেই তার শহরে অত্যন্ত জনপ্রিয় ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমার জীবনের নিরাপত্তা কোথায়! এই তিনটি শিশু সন্তানকে কি বলে সান্তনা দেব আমরা? বাচ্চা গুলোর মুখের দিকে তাকাতেই কোথায় যেন মোচড় দিয়ে উঠছে, ফুটফুটে বাচ্চা গুলোর চেহারা তো আমার সন্তানদের মতই। একজন বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে রাষ্ট্রের প্রাণান্ত পরিশ্রম হয়। সেখানে এই অকাল চলে যাওয়া কোনভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করার জন্য জোর দাবি জানাচ্ছি।’

শোক জানিয়ে মুশফিকুর রহমান নামের এক চিকিৎসক নিজের ফেইসবুকে লিখেন, ‘কোনো ষড়যন্ত্রের মুখে পড়লো স্বাস্থ্যখাত! এখন ডাক্তারও খুন হচ্ছে ..., আল্লাহ আমাদের মেরুদন্ড দাও, আর হেফাজত করো।’

দুষ্কৃতকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে শাফিনা আজিম নামে আরেক চিকিৎসক বলেন, ‘একজন চিকিৎসক দেশের সম্পদ, তার উপরও হামলা অত্যন্ত নিন্দনীয় কাজ। জানি না আমরা কোন দেশে বসবাস করছি। দ্রুত দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

গুণী এ চিকিৎসকের মৃত্যুতে শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ সোমবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেইসবুক পেইজে এ শোকবার্তা প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, ‘বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদের মৃত্যুতে আমরা শোকাহত। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, গতকাল ২৯ অক্টোবর রাত ১১টা ৪৫ মিনিটের দিকে রাজশাহীতে ডা. মো. কাজেম আলি আহমেদ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ৪২তম ব্যাচের ছাত্র ছিলেন এবং পরবর্তীতে তিনি একজন চর্ম, এলার্জি, যৌন, কুষ্ঠরোগ বিশেষজ্ঞ ও কসমেটিক সার্জন হিসেবে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। ডা. কাজেম আলি আহমেদর  অকাল মৃত্যুতে আমরা শোকাভিভূত এবং তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

প্রসঙ্গত, রোববার (২৯ অক্টোবর) কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গভীর রাতে রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় এলাকায় দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন জনপ্রিয় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদ।

চিকিৎসদের একাধিক সূত্রে জানা গেছে, নগরীর লক্ষ্মীপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কনসালটেন্ট হিসেবে নিয়মিত রোগীদের চিকিৎসা দিতেন ডা. আলী আহমেদ। প্রতিদিনের মতো রোববার রাতে রোগী দেখে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বর্ণালীর মোড়ের খানিকটা আগে রাজীব চত্বরের বিপরীত পাশে মসজিদের নিকট তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় অতর্কিতে তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় রাস্তা থেকে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। শুরুতে সাধারণ ওয়ার্ডে (৫ নম্বর) ভর্তি করা হলেও পরে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তবে এর কিছুক্ষণের মধ্যে ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের কৃতি সন্তান ডা. কাজেম আলী আহমেদ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন রামেকের ৪২তম ব্যাচের শিক্ষার্থী। পরবর্তীতে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে ডার্মাটোলজিতে এফসিপিএস সম্পন্ন করেন। এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ডিডিভি করেন। তিনি অল্প সময়ে কসমেটিক সার্জারিতে অভিজ্ঞতা অর্জন করেছিলেন।

অনাকাঙিক্ষত এ চির বিদা‌য়ের সময় স্ত্রী, দুই ছে‌লে ও এক মে‌য়ে, আত্মীয়-স্বজন‌ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ডা. কাজেম আলী আহমেদ। আজ সোমবার বাদ জোহর  রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গণে এবং বাদ আসর উপশহর কড়ইতলা জামে মসজিদের সামনে তাঁর জানাজা হবে।

এসএস//

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক