ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২১
মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২১ জনের মৃত্যু ও বহু মানুষ হতাহত হয়েছে। আজ সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রে জানা গেছে, ঢাকা ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী একটি মালবাহী এক ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তারও আগে ভৈরব থেকে আন্তঃনগর এগারসিন্দুর (গোধূলী) ট্রেন ঢাকার দিকে রওয়ানা হয়। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে মালবাহী ট্রেন ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সিগনালিংয়ের জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।
হতাহতদের উদ্ধারে কাজ শুরু করেছেন পুলিশ ও র্যাব সদস্যরা।
দুর্ঘটনায় আহত প্রায় সত্তর জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পরই আরও চারজন মারা যান। আশঙ্কাজনক হওয়ায় ইতিমধ্যে ২১ জনকে অন্যান্য হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানতে চাইলে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. বুলবুল আহম্মদ মেডিভয়েসকে বলেন, ‘এ হাসপাতালে চিকিৎসার জন্য যথেষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। আছে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রীও। এ ছাড়াও দুর্ঘটনার খবর পেয়ে পার্শ্ববর্তী বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে এসেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি আমরা।’
হতাহতের তথ্য জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. সোহরাব হোসেন সৌরভ মেডিভয়েসকে বলেন, ‘ঘটনাস্থলে ১৪ জনের মৃত্যু হয়েছে। তিনজনের লাশ ইঞ্জিনের নিচে পড়ে আছে। আমাদের এখানে এসে চারজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ২১ জনের মতো মৃত্যু হয়েছে। হাসপাতালে লাশ আছে মোট ১৮ জনের। তবে মৃত্যুর সঠিক সংখ্যা এই মুহূর্তে বলা যাচ্ছে না, আরও সময় লাগবে।’
তিনি বলেন, ‘পরিস্থিতি সামালে সকল শ্রেণী-পেশা মানুষ অভাবনীয় সাড়া দিয়েছেন। ফলে দ্রুততম সময়ে এ সংকট কাটিয়ে উঠা সম্ভব হচ্ছে। খবর পেয়েই সিভিল সার্জন স্যার, ইউএনও স্যার ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।’
এদিকে ভয়াবহ এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এএনএম/
-
২৩ অক্টোবর, ২০২৩
প্রস্তুত নিকটবর্তী স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো
ভৈরবে ট্রেন দুর্ঘটনা: হতাহতদের চিকিৎসায় প্রস্তুত ঢাকার ৪ হাসপাতাল
-
২৩ অক্টোবর, ২০২৩
-
২২ অক্টোবর, ২০২৩
-
১৭ অক্টোবর, ২০২৩