কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নার চালু
মেডিভয়েস রিপোর্ট: পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নার, টেলিমেডিসিন সেবা ও ইউনানী চিকিৎসা কেন্দ্র চালু হয়েছে। বুধবার (১১ অক্টোবর) এসব সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়।
পিরোজপুর জেলার সিভিল সার্জন (সিএস) ডা. মো. হাসনাত ইউসুফ জাকী আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সবগুলোতেই নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নার রয়েছে জানিয়ে ডা. হাসনাত ইউসুফ জাকী বলেন, এনসিডি কর্নারের আওতায় কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন প্রায় ১০০ রোগী বিভিন্ন অসংক্রামক রোগের সেবা পাবেন। পর্যায়ক্রমে এর পরিধি আরও বাড়বে।
তিনি বলেন, ‘সারাদেশে চিকিৎসক সংকটের মধ্যে আমরা স্বাভাবিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। অনেক রোগীর জন্যই উন্নত চিকিৎসা প্রয়োজন হয়।’
জেলা বা উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে জানিয়ে তিনি বলেন, এসব দিক বিবেচনায় কাউখালী উপজেলার সাধারণ মানুষের জন্য টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। এখন থেকে তারা অনলাইনে বিশেষজ্ঞ কিৎসকের পরামর্শ পাবেন। রাজধানীর বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল ও ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোস্টার করে অনলাইনে যুক্ত হয়ে পরামর্শ দেবেন।
পিরোজপুর জেলার সিএস জানান, এতে সমন্বয় করবেন স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার। তিনি রোগীদের সমস্যা জেনে অপরপ্রান্তে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলবেন। প্রয়োজনে রোগী নিজেও কথা বলতে পারবেন।
এ ছাড়া রোগীর চাপ সামলানো এবং পুরনো কিছু রোগের চিকিৎসায় ইউনানী চিকিৎসা কেন্দ্র চালু হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সুজন সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইপইআই এবিএম আনিসুল হক।
এমইউ/