৭ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা
মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ডেঙ্গু চিকিৎসায় স্যালাইনের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান চলছে। এর অংশ হিসেবে ঢাকা জেলার সাভার ও কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় অভিযান পরিচালনা করে সাত ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতালকে দুই লাখ ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) এসব অভিযান পরিচালন করা হয়। সাভার উপজেলায় অভিযানের নেতৃত্বে ছিলেন এসিল্যান্ড, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।
অভিযানে উপজেলার হেমায়েতপুর এলাকায় এস আর ডায়াগনস্টিক সেন্টার সিলগালাসহ ৩০ হাজার টাকা জরিমানা, ফায়সাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার মৌখিক নির্দেশে ও হেমায়েতপুর স্ট্যান্ডার্ড হাসপাতালকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানাসহ লাইসেন্স নবায়ন করার জন্য ৩ সপ্তাহের সময় প্রদান করা হয়।
মহেশখালীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহফুজুল হক এবং উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা’র নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
সরকার কর্তৃক ডেঙ্গু পরীক্ষার নির্ধারিত মূল্যের অতিরিক্ত ফি নেওয়া ও লাইসেন্স নবায়ন না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে ৯৭ হাজার টাকা জরিমানাসহ একটি প্রতিষ্ঠান সীলগালা করা হয়। এ ছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয় ও পরীক্ষা সংশ্লিষ্ট রি-এজেন্ট মেয়াদোত্তীর্ণ কি না তা দেখা হয়।