‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানবেতর জীবনযাপন সিএইচসিপিদের’
মেডিভয়েস রিপোর্ট: বেতন বৃদ্ধির দাবি জানিয়ে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)।
শুক্রবার (১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ আল্টিমেটাম দেন তারা।
সংগঠনরে পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে বেতনবৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা না হলে সংবাদ সম্মেলন করে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সংগঠনটির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, সারাদেশের ১৪ হাজার ২২৫টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত ১৩ হাজার ৯০০ জন সিএইচসিপি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন। এই সেবা বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। সম্প্রতি জাতিসংঘের সাধারণ সভার রেজুলেশনে কমিউনিটি ক্লিনিকের অভাবনীয় সাফল্যে ‘কমিউনিটি ক্লিনিক দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ স্বীকৃতি পেয়েছে। দুঃখজনক হলো-গত ১২ বছর ধরে জনগণের স্বাস্থ্যসেবায় নিয়োজিত সিএইচসিপিদের এক টাকাও বেতন বাড়েনি। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
সাধারণ সম্পাদক মো. নঈম উদ্দিন বলেন, কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার শুরু থেকে চাকরি রাজস্বকরণের জন্য কর্তৃপক্ষ বারবার মৌখিক এবং লিখিতভাবে আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। হতাশ সিএইচসিপিরা ২০১৭ সালে চাকরি রাজস্বকরণে হাইকোর্টে রিট দায়ের করেন। হাইকোর্ট রাজস্বখাতভুক্ত করতে আদেশ দিয়েছেন। সেই নির্দেশ উপেক্ষা করে ২০১৮ সালে জাতীয় সংসদে ট্রাস্ট আইন পাস হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ট্রাস্টের কোনো সুযোগ সুবিধা কার্যকর করা হয়নি।
তিনি আরও বলেন, আমরা অনতিবিলম্বে সব সুবিধা কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। না হলে দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র সহ-সভাপতি রায়হান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম চৌধুরী, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হাসিব রেজা, ঢাকা বিভাগের সভাপতি আব্দুল মালেক ভুইয়া ও সাংগঠনিক সম্পাদক দানিয়েল বাশার রুমেল, রাজশাহী বিভাগের সভাপতি ফেরদৌস হোসেন তুহিন ও যুগ্ম সাধারণ সম্পাদক শিফাত খান, খুলনা বিভাগের সভাপতি তরিকুজ্জামান, সাধারণ সম্পাদক হীরা খান ও তুরানী আক্তার, চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন ও সাংগঠনিক সম্পাদক জরিপ হোসেন আপন, ময়মনসিংহ বিভাগের আহবায়ক মাঈন উদ্দিন রাহাত, বরিশাল বিভাগের সাংগঠনিক মামুন শেখসহ আরও অনেকে।
এএইচ/
-
২৪ অগাস্ট, ২০২৫