ইংল্যান্ডে সাত মিনিটে ক্যান্সার চিকিৎসা
মেডিভয়েস ডেস্ক: মাত্র সাত মিনিটে ক্যান্সারের চিকিৎসা দিবে ইংল্যান্ড। ইতোমধ্যে দেশটির মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি থেকে ক্যান্সারের এই চিকিৎসা দেওয়ার জন্য অনুমোদন পেয়েছে একটি ইনজেকশন।
ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) জানিয়েছে, এতদিন ইমিউনোথেরাপির মাধ্যমে শত শত ক্যান্সার রোগীদের চিকিৎসা করা হয়েছে। এখন তাদের অ্যাটেজোলিজুমাবের ইনজেকশন দেওয়া হবে। এর মাধ্যমে মাত্র ৭ মিনিটের মধ্যে ক্যানসারের চিকিৎসা দেওয়া যাবে।
সাধারণত, এটি ত্বকের নিচে দেওয়া হয়। একে টেসেন্ট্রিকও বলা হয়। মূলত, এই ইনজেকশন একটি মনোক্লোনাল অ্যান্টিবডি ওষুধ। ক্যান্সার রোগীদের শরীরের ইমিউনিটি শক্তিশালী করতে যা সাহায্য করে। এটি রোগীদের শিরায় দেওয়া হয়। একটি ড্রিপের মাধ্যমে তা সরাসরি তাদের শিরায় পৌঁছে যায়।
এনএইচএসের মতে, এতদিন শিরার মাধ্যমে রোগীর দেহে ক্যানসারের ওষুধ পৌঁছানো হতো। তাতে প্রায় ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত লাগতো। তবে নতুন ভ্যাকসিন মাত্র ৭ মিনিটেই সেই কাজ করবে।
এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের কনসালট্যান্ট অনকোলজিস্ট ড. আলেকজান্ডার মার্টিন বলেন, নতুন ইনজেকশনের মাধ্যমে রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়া যাবে। আমরা স্বল্প সময়ে আগের চেয়ে আরও বেশি সংখ্যক মানুষের চিকিৎসা করতে পারবো। ইংল্যান্ডের হাজার হাজার ক্যান্সার রোগী অ্যাটেজোলিজুমাবের আইভি পদ্ধতি থেকে উপকৃত হয়েছেন। এই চিকিৎসায় ক্যান্সার ফিরে আসার ঝুঁকি অনেকটাই কম।
তিনি বলেন, অ্যাটেজোলিজুমাব একটি ইমিউনোথেরাপি ওষুধ। রোগীর দেহে যা ক্যান্সার কোষ খুঁজে বের করতে এবং তা ধ্বংস করতে সক্ষম। এটি বর্তমানে ফুসফুস, স্তন, লিভার ও মূত্রাশয়সহ বিভিন্ন ধরনের ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্যবহৃত হয়। এতে আগের চেয়ে তিন চতুর্থাংশ সময় কম লাগতে পারে। ইংল্যান্ডে প্রতিবছর ৩ হাজার ৬০০ রোগীকে এই প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া হয়। এতে তাদের কষ্টও কম হয়। সূত্র- দ্য গার্ডিয়ান, রয়টার্স