চিকিৎসা বিষয়ক গবেষণায় উচ্চপর্যায়ের কমিটি
মেডিভয়েস রিপোর্ট: দেশে চিকিৎসা বিষয়ক গবেষণা কর্ম ত্বরান্বিত করতে উচ্চপর্যায়ের কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অনুষ্ঠিত বিশেষ সভায় এ কমিটি গঠিত হয়।
সভায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস’র (নিন্স) পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদকে 'আহ্বায়ক' এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞাকে 'সদস্য সচিব' করে একটি উচ্চপর্যয়ের কমিটি গঠিত হয়েছে। কমিটির 'যুগ্ম সদস্য সচিবের' দায়িত্ব পেয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ।
চিকিৎসা বিষয়ক গবেষণা গতিশীল করার লক্ষ্যে গঠিত কমিটিতে মেডিকেল কলেজের অধ্যক্ষবৃন্দ, বেসরকারি পর্যায়ে কর্মরত আন্তর্জাতিকভাবে খ্যাতিমান গবেষকবৃন্দ রয়েছেন- অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম শিশির, অধ্যাপক ডা. জি এম মনসুর হাবিব, অধ্যাপক ডা. লিয়াকত আলী, স্বাধীনতা পুরস্কার বিজয়ী ড. ফেরদৌসী কাদেরী প্রমূখ।
এ প্রসঙ্গে অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ মেডিভয়েসকে বলেন, ‘গবেষণা আমার সবিশেষ আগ্রহের ক্ষেত্র। বাংলাদেশের চিকিৎসকসমাজকে গবেষণা কর্মে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকবার তাগাদা দিয়েছেন। যে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো তিনি গড়ে তুলেছেন, সেগুলোর প্রধান কাজ যে গবেষণা হওয়া উচিত সেদিকেও বারবার দৃষ্টি আকর্ষণ করেছেন প্রধানমন্ত্রী।’
তিনি বলেন, ‘কিছু দিন আগে গণভবনে স্বাস্থ্যখাতে নিয়োজিত নীতিনির্ধারকদের ডেকে এনে সরকারপ্রধান এ বিষয়ে নির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের অনুশাসন প্রদান করেছেন। তার অনুশাসনের আলোকে ইতোমধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মহোদয়ের সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।’
সভায় স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি সকল অংশীজন তাদের মূল্যবান মতামত প্রদান করেন। সভায় টানা চার ঘণ্টা ধরে অখণ্ড মনোযোগের সাথে সবাই পরস্পরের বক্তব্য শুনেন।
অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ বলেন, চিকিৎসকরা যেন গবেষণাকর্মে ব্রতী হন, সেজন্য তাদের উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করার বিষয়টি আলোচনায় সবচেয়ে বেশি প্রাধান্য পায়। সেই পরিবেশ কীভাবে গড়ে তোলা যায়, সেজন্য চমকপ্রদ কিছু প্রস্তাব এসেছে; গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুপারিশমালা প্রণীত হবে, যা সরকারের কাছে পেশ করা হবে বাস্তবায়নের লক্ষ্যে।
এ সময় চিকিৎসকদের পেশাজীবনে মৌলিক কিছু পরিবর্তন ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বলেন, তারা যাতে গবেষণাকর্মের জন্য নিজেদের নিবেদিত করতে পারেন, সেজন্য সুযোগ সৃষ্টি করা হবে।
অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ বলেন, চিকিৎসকরা কেবলমাত্র সেবাদানকারী নন, তারা বিজ্ঞানীও বটে। বিজ্ঞানীর প্রধান কাজ অবগুণ্ঠিত বা লুকায়িত তথ্য এবং সত্য আবিষ্কার করে তা জনকল্যাণে কাজে লাগানো। এরই নাম গবেষণা। ইনশাআল্লাহ, গবেষকের ভূমিকাতেও চিকিৎসকরা সফল হবেন। আমরা তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করবো।
প্রথম সভায় গৃহিত কমিটির কার্যপরিধি নিম্নরূপ:
১. মেডিকেল ও ডেন্টাল শিক্ষকদের চিকিৎসা গবেষণায় উদ্বুদ্ধকরণ;
২. মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল/ডেন্টাল কলেজে গবেষণা সেল প্রতিষ্ঠা;
৩. IRB প্রতিষ্ঠা;
৪. চিকিৎসা গবেষণা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন;
৫. গবেষণা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন ইত্যাদি।