ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম অব্যাহত আছে: তাজুল ইসলাম
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু নিয়ন্ত্রণে জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত মশক নিধন কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে ‘সারাদেশে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে’ বিশেষ সভার (ভার্চুয়াল) আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডেঙ্গু জ্বরের বাহক এডিসের বিস্তাররোধে বিশ্বব্যাপী যেসব পদ্ধতি প্রচলিত আছে আমরা সবই অনুসরণ করছি। অন্যান্য বছর শুধু ঢাকা ও চট্টগ্রামে ডেঙ্গু রোগের বিস্তার লক্ষ্য করেছি। কিন্তু এবার পুরো দেশেই ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছেন। এর মধ্যে অনেকেই মারা যাচ্ছেন, যা আমাদের ব্যথিত করছে।
তিনি বলেন, ডেঙ্গু সম্পূর্ণভাবে নির্ভর করে আবহাওয়ার উপর। আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে এটা হচ্ছে। শুধু আমাদের দেশে নয়, আজকের তথ্য হলো পৃথিবীর ১৪৮টি দেশে ডেঙ্গু মাত্রাতিরিক্ত পর্যায়ে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, পৃথিবীর অর্ধেক মানুষ ডেঙ্গু রোগের ঝুঁকিতে আছেন। এ অবস্থায় আমরা আমাদের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়ার সেগুলো নিয়েছি।
তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি করতে হবে। এডিস মশা মারার জন্য সবার অংশগ্রহণ করা। আমরা সমস্যাটা মোকাবিলা করছি কোথায়? প্রত্যেকে প্রত্যেকের স্থাপনাগুলো পরিষ্কার করছেন না। যে সব লার্ভা আছে, যে সব ডিম আছে, সেগুলো যদি পরিষ্কার করে ফেলা হয় তাহলে-তো মশা থাকবে না।