ডা. আলমিনা দেওয়ানের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের শোক
মেডিভয়েস রিপোর্ট: ডা. আলমিনা দেওয়ান মিশুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (৮ আগস্ট) গণমাধ্যমে শোক বার্তা পাঠায় অধিদপ্তর।
শোক বার্তায় বলা হয়েছে, ৩৯ বিসিএস কর্মকর্তা ডা. দেওয়ান আলমিনা মিশু ডেংগু সংক্রান্ত জটিলতায় চলে গেছেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রাত ১টা ১৫ মিনিটে ডেংগু সংক্রান্ত জটিলতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট থাকাকালীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
এতে আরও বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তাঁর আত্নার মাগফিরাত কামনা করছি এবং একই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা কামনা করছি।
ডা. দেওয়ান আলমিনা মিশু ময়মনসিংহ মেডিকেলের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর সম্পর্কে নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু তাহের বলেন, মিশু মেডিকেল কলেজে আমার দুই ব্যাচ জুনিয়র ছিলো। তাঁকে আমি ভালো করে চিনতাম। সে একজন মেধাবী ও বিনয়ী চিকিৎসক।
প্রসঙ্গত, ডা. আলমিনা দেওয়ান মিশু সর্বশেষ বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) গাইনি এন্ড অবস বিভাগে রেসিডেন্ট (৩৯ ব্যাচ) হিসেবে অধ্যয়নরত ছিলেন।
মরহুমার জানাজার নামাজ আজ বাদ জোহর নারায়ণগঞ্জের কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক জানানোর পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছে মেডিভয়েস।
এএইচ/