ডায়াবেটিক রোগীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশিকা
মেডিভয়েস রিপোর্ট: উন্নতমানের সেবা ও সচেতনতার লক্ষ্যে প্রথমবারের মত ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি)।
সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেইসবুক পেইজে এ নির্দেশিকতা প্রকাশ করা হয়।
‘ন্যাশানাল গাইডলাইন অন ডায়বেটিস মেলাইটাস’ শিরোনামের নির্দেশিকাটি তৈরিতে সহযোগিতা করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। দেশের প্রতিষ্ঠিত সকল ডায়বেটিস ও হরমোন বিশেষজ্ঞগণ এ কার্যক্রমে যুক্ত ছিলেন।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, ‘গাইডলাইনটি বাংলাদেশের চিকিৎসকদের মান উন্নয়নে যেমন সহযোগিতা করবে, তেমন দেশে উন্নতমানের ডায়বেটিস সেবা ও সচেতনতা কার্যক্রম বাড়াতে সমর্থ হবে। ফলে দেশে ১ কোটি ৩১ লক্ষ ডায়বেটিক রোগী ও তাদের পরিবারের মানুষই শুধু উপকৃত হবেন না, কমে আসবে স্বাস্থ্য বাজেটের উপর প্রতক্ষ্য ও পরোক্ষ আর্থিক চাপ। সমভাবে উপকৃত হবে দেশের সকল মানুষ।’
নির্দেশিকাটি প্রিন্ট কপির পাশাপাশি অনলাইন অ্যাপেও পাওয়া যাবে বলে জানান এনসিডিসি’র লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।
এসএস/এএইচ