বেসরকারি ডেন্টালে ভর্তির আবেদন শুরু
মেডিভয়েস রিপোর্ট: দেশের বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন আজ বুধবার (২৬ জুলাই) শুরু হয়েছে। দুপুর ১২টায় শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। আবেদন করা যাবে অনলাইনে।
মঙ্গলবার (২৫ জুলাই) অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকার অনুমোদিত বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ভর্তিচ্ছু দেশী শিক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইনে (http://dgme.teletalk.com.bd) আবেদন করতে হবে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহন করতে পারবেন।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আবেদন ফি এক হাজার টাকা জমা দেওয়া যাবে ৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত। ভর্তির জন্য নির্বাচিতদের আগামী ৯ আগস্ট এসএমএস পাঠানো হবে।
ভর্তির জন্য প্রাথমিক নিশ্চায়ন করতে হবে ১৪ আগস্টের মধ্যে। দ্বিতীয় নির্বাচনের এসএমএস পাঠানো হবে ১৭ আগস্ট। দ্বিতীয় নিশ্চায়নের শেষ তারিখ ২২ আগস্ট। ওয়েব সাইটে তালিকা প্রকাশ করা হবে ২৪ আগস্ট। আগামী ২৬ আগস্ট থেকে ভর্তি শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
প্রসঙ্গত, গত ৬ মে সন্ধ্যায় বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এর আগের দিন শুক্রবার (৫ মে) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর পাঁচটি কেন্দ্রসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় বিডিএস ভর্তি পরীক্ষা। এতে অংশগ্রহণ করেন ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থী।