২৪ জুলাই, ২০২৩ ০৮:৪৯ পিএম

রোগীদের সার্বক্ষণিক ও জরুরি সেবায় গুরুত্ব দিতে হবে: রামেবি ভিসি

রোগীদের সার্বক্ষণিক ও জরুরি সেবায় গুরুত্ব দিতে হবে: রামেবি ভিসি
রামেবি ভিসি বলেন, মেডিকেল শিক্ষার্থীদের ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি ভালো মানুষও হতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: নবীন মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনা শেষে রোগীদের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবির) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এ. জেড. এম মোস্তাক হোসেন।

আজ সোমবার (২৪ জুলাই) সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়সার রহমান চৌধুরী অডিটরিয়ামে রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস ২০২২-২০২৩ সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসে এ আহ্বান জানান তিনি।

রামেবি ভিসি বলেন, ‘বর্তমান বাস্তবতায় এবং অদূর ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে চিকিৎসা পেশায় রোগীদের সার্বক্ষণিক ও জরুরি সেবাকে গুরুত্ব দিতে হবে। এজন্য নারী ও পুরুষ চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। নবীন মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনা শেষে রোগীদের সেবায় আত্মনিয়োগ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এ নবীন মেডিকেল শিক্ষার্থীদের ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি ভালো মানুষও হতে হবে। এবং যুগোপযোগী ডাক্তার হতে হবে, সেই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মেদ, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নওশাদ আলী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মু. হাবিবুল্লাহ সরকার, অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অধ্যাপক ডা. এস, এম আসাফদ্দৌলা, অধ্যাপক ডা. মো. খলিলুর রহমানসহ সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ।

এএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নবীনবরণ
  এই বিভাগের সর্বাধিক পঠিত