খুমেক হাসপাতালে ৫৪ ডেঙ্গু রোগী
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নতুন ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালটিতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৫৪ জন।
আজ শনিবার (২২ জুলাই) সকালে খুমেক হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ২০৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ জন। বর্তমানে হাসপাতালে ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এদিকে দেশে ক্রমেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সংক্রমিত হয়েছেন দুই হাজার ২৪২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৩৯ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ছয় হাজার ৬৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৮৩৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৮১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩০ হাজার ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৮ হাজার ৮৮৫ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১১ হাজার ৮০০ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ৮৬২ জন। ঢাকায় ১৪ হাজার ৯১৫ এবং ঢাকার বাইরে আট হাজার ৯৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৬৭ জনের মৃত্যু হয়েছে।