প্রাইভেট প্র্যাকটিস বন্ধের ঘোষণায় বাডি’র একাত্মতা
মেডিভয়েস রিপোর্ট: সেন্ট্রাল হাসপাতালের ২ চিকিৎসক গ্রেপ্তারের প্রতিবাদে আজ সোমবার ও মঙ্গলবার সারাদেশে প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ রাখার ঘোষণার সঙ্গে একাত্মততা পোষণ করেছে বাংলাদেশ অটিজম এন্ড ডিজএবিলিটি ইন্সটিটিউট (বাডি)।
রোববার (১৬ জুলাই) বাডি’র দপ্তর সমন্বয়ক ডা. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত সোমবার (১৭ জুলাই) ও মঙ্গলবার (১৮ জুলাই) পর্যন্ত বাংলাদেশ অটিজম এন্ড ডিজএবিলিটি ইন্সটিটিউট (বাডি) এর সারাদেশে সকল হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা সেবা প্রদান বন্ধ থাকবে। এ কারণে সাময়িক কষ্টের জন্য আমরা দেশবাসীর প্রতি দুঃখ প্রকাশ করছি।’
প্রসঙ্গত, সেন্ট্রাল হসপিটালের অধ্যাপক ডা. সংযুক্তা সাহার (গাইনি) অধীনে গত ৯ জুন ভর্তি হয়েছিলেন মাহাবুবা রহমান আঁখি। কিন্তু সে দিন ডা. সংযুক্তা হাসপাতালেই ছিলেন না। পরে তার দুই সহযোগী চিকিৎসক আঁখির ডেলিভারি করানোর চেষ্টা করেন। কিন্তু জটিলতা দেখা দেওয়ায় নবজাতককে এনআইসিইউতে রাখা হয়। একই সঙ্গে আঁখির অবস্থার অবনতি হলে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ১০ জুন বিকেলে আঁখির নবজাতক সন্তান মারা যায়। এ ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যু’র একটি মামলা দায়ের করেন।
মামলায় ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা, ডা. মুনা সাহা, ডা. মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজকে আসামি করা হয়। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর ১৫ জুন রাতে ডা. শাহজাদী ও ডা. মুনা সাহাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার (১৮ জুন) দুপুর ১টা ৪৩ মিনিটে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবা রহমান আঁখি।
টিআই