২০ জুন, ২০২৩ ১২:০৫ পিএম

মা-নবজাতক মৃত্যুর দায় সেন্ট্রাল হাসপাতালের: ডা. সংযুক্তা

মা-নবজাতক মৃত্যুর দায় সেন্ট্রাল হাসপাতালের: ডা. সংযুক্তা
অধ্যাপক ডা. সংযুক্তা সাহা। ছবি: সাহেদুজ্জামান সাকিব

মেডিভয়েস রিপোর্ট: ইডেন কলেজ শিক্ষার্থী মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনার সম্পূর্ণ দায় সেন্ট্রাল হাসপাতালের বলে অভিযোগ করেছেন হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহা। তিনি বলেন, ষড়যন্ত্র করে তাঁকে খলনায়ক বানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যু নিয়ে নিজের ওপর আরোপিত অভিযোগের জবাব দিতে আজ মঙ্গলবার (২০ জুন) দুপুরে রাজধানীর পরিবাগে নিজ বাসায় সাংবাদিকদের মুখোমুখি হন ডা. সংযুক্তা।

লিখিত বক্তব্যে ডা. সংযুক্ত বলেন, ‘সেন্ট্রাল হসপিটাল আমার নাম ব্যবহার করে অনিয়ম করেছে। তারা এমন অনিয়ম করবে, আমি ভাবতেও পারিনি। এ ঘটনায় সম্পূর্ণ দায় সেন্ট্রাল হাসপাতালের, তারা সরাসরি বলতে পারতো সংযুক্তা সাহা হাসপাতালে নেই। কিন্তু তারা এটা না বলে অপরাধ করেছে।’

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) তাঁর নামে কোনো অভিযোগ নেই দাবি করে তিনি বলেন, ‘যারা আঁখির প্রসবের চিকিৎসা করেছেন তাদের নামেও কোনো অভিযোগ নেই।’

আঁখি তাঁর চিকিৎসাধীন ছিলেন না উল্লেখ করে ডা. সংযুক্তা বলেন, ‘কুমিল্লার একটি স্থানীয় হাসপাতালের চিকিৎসক দেখিয়েছেন আঁখি। এ বছরের মার্চে দুইবার সেন্ট্রালে এসে আমাকে দেখিয়েছিলেন। নিয়মিত রোগী হতে হলে একজন প্রসূতির গর্ভাবস্থার শুরুতে প্রতি মাসে একবার এবং শেষের দিকে দুই সপ্তাহে একবার দেখাতে হয়।’

এ সময় আঁখি ও নবজাতকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এই গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ। বলেন, ‘এই অবহেলাজনিত মৃত্যু কারো জন্যই কাম্য নয়। এ সমস্যাকে এড়িয়ে না গিয়ে প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। স্বার্থান্বেষী মহল নিজেদের আড়াল করার সকল পন্থা অবলম্বন করছে। তারা দেশের জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। সেন্ট্রাল হাসপাতাল নিজেদের দায় এড়াতে চাচ্ছে।’

নরমাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশন এক না উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার দল নিয়ে কাজ করি, বাচ্চা প্রসবের পরের সময়টাতে আমি থাকি।’

ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে দিনে দুইশ’ রোগী দেখার অভিযোগ রয়েছে। অতিরিক্ত রোগী দেখা মেডিকেল নীতিবিরুদ্ধ কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অতিরিক্ত রোগী দেখার বিষয়ে বিমএমডিসির কোনো ক্রাইটেরিয়া নেই।’

অনেক রোগী এলেও তাঁর অধীনে সবাই ভর্তি হন না উল্লেখ করে তিনি জানান, নরমাল ডেলিভারির বিষয়ে মা ও স্বজনদের আগ্রহের কারণে অতিরিক্ত সময় নিয়ে তাঁকে কাজ করতে হয়।

অধিক সংখ্যক রোগী দেখার সুবিধার্থে সেন্ট্রাল কর্তৃপক্ষ তাঁর জন্য হাসপাতালে বিছানার ব্যবস্থা করে বলেও জানান অধ্যাপক ডা. সংযুক্তা।

গত ১০ বছর ধরে লাইসেন্স নবায়ন না করে চিকিৎসা দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফি প্রদান না করায় তাঁর লাইসেন্স নবায়ন করা হয়নি।

গত ১৮ জুন দুপুর ১টা ৪৩ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবা রহমান আঁখি।

জানা গেছে, গত তিন মাস ধরে সেন্ট্রাল হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহার অধীনে চিকিৎসা নিচ্ছিলেন মাহবুবা রহমান আঁখি। শারীরিক অবস্থা স্বাভাবিক উল্লেখ করে নরমালে সন্তান প্রসব সম্ভব বলে তাকে আশ্বস্ত করেছিলেন ডা. সংযুক্তা।

প্রসব ব্যথা ওঠায় গত ৯ জুন দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে সেন্ট্রাল হাসপাতালে তার অধীনে মাহবুবাকে ভর্তি করা হয়। ওইসময় ডা. সংযুক্তা দেশে ছিলেন না। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের জানায়, তিনি আছেন এবং অপারেশন থিয়েটারে (ওটি) কাজ করছেন।

এদিকে অন্য চিকিৎসকের মাধ্যমে স্বাভাবিক প্রসবের চেষ্টা ব্যর্থ হলে সিজারের মাধ্যমে সন্তান প্রসব হয়। পরদিন মারা যায় শিশুটি।

এ বিষয়ে আঁখির স্বামী ইয়াকুব আলী বলেন, ‘আমার স্ত্রীকে যখন ওটিতে ঢোকানো হয় এবং নরমাল ডেলিভারির জন্য চেষ্টা শুরু করা হয়, তখনও আমি সংযুক্তা সাহা হাসপাতালে আছেন কি-না জানতে চাই। কর্তৃপক্ষ জানায়, তিনি আছেন এবং তিনি চেষ্টা চালাচ্ছেন। পরে জানতে পেরেছি ডা. সংযুক্তা সাহা ছিলেন না।’

এ ঘটনায় ১৪ জুন ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যু’র একটি মামলা দায়ের করেন ইয়াকুব আলী। মামলায় ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা, ডা. মুনা সাহা, ডা. মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজকে আসামি করা হয়। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। মামলার পর ১৫ জুন রাতে ডা. শাহজাদী ও ডা. মুনা সাহাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক