সেন্ট্রাল হাসপাতাল আইসিইউ চালুর কথা জানেন না স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: আলোচিত সেন্ট্রাল হাসপাতালে আইসিইউ চালু আছে কিনা জানেন না স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার (১৯ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সেন্ট্রাল হাসপাতালে আইসিইউ চালু করেছে কিনা, ‘এটি আমি জানি না। কারণ চালুরতো এখনও অনুমোদন দেওয়া হয়নি। সবে মাত্র কমিটি গঠন হয়েছে। এ কমিটি গিয়ে দেখবে। তদন্ত করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। যখন অনুমতি দিবো, সেন্ট্রাল হাসপাতাল তখন কাজ শুরু করতে পারবে। তার আগে কাজ করাটা অন্যায়।’
চিকিৎসা অবহেলার অভিযোগে মৃত্যুবরণকারী নবজাতক ও মা আঁখির পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন জাহিদ মালেক। তিনি বলেন, সরকারি নিয়মনীতি না মানার কারণে দুই হাজার ক্লিনিক বন্ধ করে দিয়েছি। সেন্ট্রাল হাসপাতালের কোনো ডাক্তার যদি অনিয়ম করে থাকে, তার সঙ্গে আরও যারা কাজ করেছে-তারাও অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না হুশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ‘কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকলে তার জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। একটি হলো ব্যক্তিগত দায়, আরেকটি হলো প্রাতিষ্ঠানিক দায়। সেন্ট্রাল হাসপাতাল একজন অনিবন্ধিত ব্যক্তিকে কাজ করতে দেওয়া ঠিক হয়নি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। অপারেশন করতে হলে অবশ্যই হাসপাতালে আইসিইউ থাকতে হবে, কিন্তু সেন্ট্রাল হাসপাতালে আইসিইউ সেভাবে ছিল না। এ জন্য অপারেশন কার্যক্রম বন্ধ করা হয়েছে।’
এ ঘটনায় ইতিমধ্যে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কমিটিতে মন্ত্রণালয়ের, অধিদপ্তরের ও মেডিকের কলেজের অধ্যাপকরা রয়েছেন। এ ছাড়া বিএমডিসির রেজিস্ট্রারও আছেন। ঘটনার পূর্ণ রিপোর্ট দিবেন। কিভাবে ভুলটা হয়েছে। ডাক্তারের কি ভুল ছিল, অন্যদের কি ভুল ছিল, সে বিষয়ে রিপোর্ট করবে। হাসপাতালের কি ভুল ছিলো সেটিও রিপোর্টে আসতে হবে। কমিটির সদস্যরা হাসপাতালে গিয়ে বিস্তারিত খোঁজ খবর নিবেন। খুব অল্প সময়ের মধ্যে তদন্ত শেষ করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এএইচ