বঙ্গবন্ধুর প্রথম আন্তর্জাতিক স্বীকৃতির ৫০ বছর
রোববার দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
মেডিভয়েস রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির ৫০তম বছর উপলক্ষে আগমীকাল রোববার (২৮ মে) দেশব্যাপী সকল স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে।
আজ শনিবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘১৯৭৩ সালের ২৩ মে বিশ্বশান্তি পরিষদ ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও বাঙালি জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
একাত্তর সালে এই অবিসংবাদিত নেতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। এর মাত্র দুই বছর পর বিশ্বশান্তি পরিষদ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে।
বিশ্বশান্তি পরিষদের প্রেসিডেনশিয়াল কমিটির সভায় বিশ্বের ১৪০টি দেশের প্রায় ২০০ সদস্যের উপস্থিতিতে ও ঐকমত্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর জীবনদর্শন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপট বিবেচনায় বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বশান্তি পরিষদ ১৯৭২ সালের ১০ অক্টোবর পদকের প্রাপক হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে। পরের বছর ২৩ মে এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে সেই পদক পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র।
অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু।’ স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ।
নিপীড়িত, নিষ্পেষিত, শোষিত ও বঞ্চিত বাংলার মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন। তাঁর ডাকে সাড়া দিয়ে বাংলার সর্বস্তরের মানুষ নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেন।
স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব ধরনের কর্তৃত্ববাদ ও সাম্রাজ্যবাদ পরিহার করে বন্ধুত্বের ভিত্তিতে দেশ পরিচালনা করে বিশ্বের সুনাম অর্জন করেন। আর বিশ্বমানবতায় অসামান্য অবদান রাখার কারণে বিশ্বশান্তি পরিষদ বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ পদকে ভূষিত করে। বিশ্বশান্তি পরিষদের এ পদক ছিল জাতির পিতার কর্মের স্বীকৃতি এবং বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক পদক।
২০২৩ সালের ২৩ মে জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০তম বছর। এ উপলক্ষে আজ রোববার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর তার সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল ও মেডিকেল কলেজে এ দিনটি পালন করবে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে, স্মরণ করবে দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।