কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স দিবস উদযাপিত
মেডিভয়েস রিপোর্ট: ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত হয়েছে।
আজ শুক্রবার (১২ মে) বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোহাম্মদ মেজবাহ্ উদ্দীনের উপস্থিতিতে ও নার্সিং সুপারভাইজার মো. আলী আশরাফের সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ধাত্রী পরিষদ বা ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস (আইসিএন) ১৯৬৫ সাল থেকে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করে আসছে। ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য শিক্ষা ও কল্যাণ বিভাগের একজন কর্মকর্তা ডরোথি সাদারল্যান্ড তৎকালীন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ারে কাছে ধাত্রী দিবস ঘোষণা করার প্রস্তাব করেন। তবে তিনি তা অনুমোদন করেননি।
পরবর্তীতে ১৯৭৪ সালের জানুয়ারি মাসে, ১২ মে দিনটিকে নার্স দিবস হিসেবে উদযাপনের জন্য নির্বাচন করা হয়। কারণ, এই দিনে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার পথপ্রদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। যুগে যুগে অন্ধকার দূরে সরিয়ে আলোর পথে এগিয়ে নিতে জন্মান কিছু মানুষ। তাদের মধ্যে অন্যতম ছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। নামের মতোই আলো ছড়িয়েছিলেন বিশ্বে। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে, যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন-নার্সিং একটি পেশা নয়, সেবা।
এসএস