৮ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০ হাজার নতুন শয্যা
মেডিভয়েস রিপোর্ট: জনস্বাস্থ্য পরিষেবার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে দেশের প্রধান আটটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ১০ হাজার শয্যা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বেশি সংখ্যক মানুষকে সুষ্ঠুভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা বাড়ানো হবে।
গত মঙ্গলবার (২ মে) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বাদে অন্যান্য হাসপাতালে ন্যূনতম ৫০০ থেকে সর্বোচ্চ দেড় হাজার নতুন শয্যা স্থাপন করা হবে।
এজন্য স্বাস্থ্য অধিদপ্তর একটি প্রকল্প পরিকল্পনা তৈরি করবে। এতে নতুন শয্যা স্থাপনের জন্য ভবন তৈরি ও সংস্কার করার পরিকল্পনা উল্লেখ থাকবে। শয্যা বাড়ানোর কাজ শুরু হবে আগামী অর্থবছরে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন শয্যার সঙ্গে অপারেশন থিয়েটারও আধুনিয়কান করা হবে। বাড়ানো হবে আইসিইউ বেড।
প্রাথমিক পরিকল্পনা থেকে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ২৪০০ শয্যা যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দেশের বৃহত্তম এই হাসপাতালে ২৬০০ শয্যা রয়েছে। কিন্তু প্রতিদিন কমপক্ষে ৩৮০০ রোগী হাসপাতালে ভর্তি থেকে সেবা নিচ্ছেন। সারাদেশ থেকে রোগীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। শয্যার তুলনায় বাড়তি রোগীদের হাসপাতালের বারান্দাসহ বিভিন্ন খালি জায়গায় থাকতে হয়। এতে অনেক ঝুঁকি তৈরি হয়।
সূত্র: টিবিএস
এএইচ