মরণোত্তর দেহ দান করবেন হৃদরোগ বিশেষজ্ঞ সজল কৃষ্ণ ব্যানার্জী
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মরণোত্তর চক্ষুদান (কর্ণিয়া সহ) ও মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী।
রোববার (৩০ এপ্রিল) বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের কাছে মরণোত্তর দেহদানের অঙ্গীকার সংক্রান্ত কাগজপত্র হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী।
ডা. সজল কৃষ্ণ ব্যানার্জীকে ধন্যবাদ জানিয়ে বিএসএমএমইউ ভিসি বলেন,‘কর্ণিয়ার অভাবে অনেক রোগীর অন্ধত্ব দূর করা সম্ভব হচ্ছে না। আবার বিদেশে গিয়ে কর্ণিয়া প্রতিস্থাপন করায় প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। মরণোত্তর চক্ষুদান (কর্ণিয়া) এ সমস্যার সমাধানে বিরাট অবদান রাখতে পারে। অন্যদিকে মরণোত্তর দেহদান চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা ও গবেষণায় বড় অবদান রাখতে পারে। তাই সবাইকে মরণোত্তর চক্ষুদানসহ মরণোত্তর দেহদানে এগিয়ে আসার আহ্বান জানাই।’
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, মেডিক্যাল টেকনোলজিস্ট অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএস