৩০ এপ্রিল, ২০২৩ ০৪:১৩ পিএম

‘প্রতিবাদই ছিল ডা. জাফরুল্লাহর মূল লক্ষ্য’

‘প্রতিবাদই ছিল ডা. জাফরুল্লাহর মূল লক্ষ্য’
অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব বলেন, ডা. জাফরুল্লাহ প্রতিবাদের মাধ্যমে সবকিছু অর্জন করেছেন। তিনি যা করেছেন জনকল্যাণে করেছেন।

মেডিভয়েস রিপোর্ট: অন্যায়ের প্রতিবাদ করাই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চেীধুরীর জীবনের মূল লক্ষ্য এবং বৈশিষ্ট্য ছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব।

আজ রোববার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য আন্দোলন কর্তৃক ‘গণমুখী স্বাস্থ্য সেবার জন্যে সংগ্রাম ডা.জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা ও স্মৃতিচারণের’ আলোচনায় এ কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব বলেন, ডা. জাফরুল্লাহ প্রতিবাদের মাধ্যমে সবকিছু অর্জন করেছে। তিনি যা করেছেন জনকল্যাণে করেছেন। শেষের দিকে এসে তিনি গণতন্ত্র, সরকার এসবের মধ্যে জড়িয়ে যান।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাফরুল্লাহ চৌধুরী যা করেছেন, সেটি একটি বিপ্লব। তিনি একটি পদ্ধতিকে পরিবর্তন করে দিয়ে গেছেন। তৃণমূল পর্যায়ের সমস্যাগুলোকে তিনি বড় করে দেখেছেন এবং সেগুলো সমাধানে কাজ করেছেন। 

জাফরুল্লাহ কোনো দলের জন্য কাজ করেননি উল্লেখ করে তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরী মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন। অধিকার নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন আন্দোলনে সরাসরি দেখা গেছে তাঁকে।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিশ হাসান চৌধুরী বলেন, ‘আমার বাবা শুধু যে দেশের জন্য অবদান রেখেছেন তা নয়। তার কারণে জাতিসংঘে পুরুষদের জন্য টয়লেটে কাপড় পরিবর্তনের রুম তৈরি করা হয়। তিনি যখন যেখানে অনিয়ম দেখেছেন, সেখানেই প্রতিবাদ করেছেন।’

নিজের অসুস্থতায় চিকিৎসক বাবা মাত্র ৩টি ওষুধ ব্যবহার করতেন জানিয়ে বারিশ চৌধুরী বলেন, ‘আমার কোনো অসুখ হলে বাবা ৩টি ওষুধ ব্যবহার করতেন। সেগুলো হলো প্যারাসিটামল, ভিটামিন সি ও ঝাল গরুর মাংস। তিনি বেশি ওষুধের ব্যবহার পছন্দ করতেন না। তার মতে অতিরিক্ত ওষুধ মানুষকে আরও অসুস্থ করে তোলে।

সভায় ঢাকা কমিউনিটি হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা.কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে ও স্বাস্থ্য আন্দোলনের যুগ্ম-আহবায়ক ফরিদা আখতারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন, পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোজাহেরুল হক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের এপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল রেজা চৌধুরী, জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফয়জুল হাকিম, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকার, গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য বিভাগের সমন্বয়ক মনজুর কাদির, নারীপক্ষের পরিচালক সামিয়া আফরীন, এড.সৈয়দ মাহবুবুর আলম তাহিন, ডা. মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।

টিআই/এমইউ/এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক