ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধনের ডাক রেসিডেন্টদের
মেডিভয়েস রিপোর্ট: ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও এর অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত বেসরকারি রেসিডেন্ট চিকিৎসকরা।
আগামী ৮ এপ্রিল বিএসএমএমইউ চত্তরে এ মানববন্ধন করা হবে বলে জানিয়েছেন তারা।
রেসিডেন্টরা বলছেন, বিএসএমএমইউ’র মোট চিকিৎসকের ৭০ ভাগ রেসিডেন্ট, যারা এমবিবিএস সম্পন্ন করে ন্যূনতম দুই বছর চিকিৎসা সেবা দিয়ে এখন বিশেষজ্ঞ হওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন। বিনিময়ে তাদেরকে বিশ হাজার টাকা ভাতা প্রদান করা হয়, কিন্তু কোর্স চলাকালীন এসব চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিস করা নিষেধ।
বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ ভাতা দিয়ে জীবন ব্যয় পরিচালনা করা কোনোভাবেই সম্ভয় নয় বলে জানান রেসিডেন্ট চিকিৎসকরা।
তাই আগামী আগামী ৮ এপ্রিল (শনিবার) বিএসএমএমইউ চত্বরে মানব বন্ধন করার ঘোষণা দিয়েছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মেডিকেল কলেজের এক রেসিডেন্ট চিকিৎসক মেডিভয়েসকে বলেন, ২০২১, ২২ ও ২৩ সেশনের রেসিডেন্টরা সকাল ১০টা থেকে মানববন্ধন শুরু করবেন।
তিনি বলেন, রেসিডেন্টদের ভাতা বিশ হাজার টাকা থেকে উন্নীত করে চল্লিশ হাজার টাকা করার দাবিতে মানব বন্ধন ডাকা হয়েছে। সকল রেসিডেন্ট দাবি সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনসহ উপস্থিত হবেন।
প্রসঙ্গত, এর আগে পাঁচ বছরের রেসিডেন্সি কোর্সে অধ্যয়নরত এসব বেসরকারি চিকিৎসক প্রতি মাসে ১০ হাজার টাকা পারিতোষিক পেতেন। ২০১৭ সালের ২০ নভেম্বর গৃহীত সিদ্ধান্তের আলোকে তাঁদের ভাতা ২০ হাজার টাকা করা হয়। তবে পরে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে তা বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে পাস হওয়ার তিন বছর পেরিয়ে গেলেও বর্ধিত ভাতা পাননি রেসিডেন্ট চিকিৎসকরা।
এর মধ্যে আরেক দফা ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনে যাচ্ছেন মেডিকেলের উচ্চশিক্ষার কোর্সে অধ্যয়নরত এসব শিক্ষার্থী।
এএইচ/এমইউ
-
০৮ সেপ্টেম্বর, ২০২৫
-
১৪ মার্চ, ২০২৪
-
০২ মার্চ, ২০২৪
-
০৪ এপ্রিল, ২০২৩
-
২৭ ফেব্রুয়ারী, ২০২৩
-
০৯ জুন, ২০২২
-
০২ ডিসেম্বর, ২০২১
-
০১ সেপ্টেম্বর, ২০২১