১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০২:২১ পিএম

এমবিবিএস ভর্তি পরীক্ষা: সাত দিনে আবেদন পড়েছে ১ লাখ ২০ হাজার

এমবিবিএস ভর্তি পরীক্ষা: সাত দিনে আবেদন পড়েছে ১ লাখ ২০ হাজার
অনলাইন আবেদনের ফি জমা দেওয়া যাবে যাবে ২৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

মেডিভয়েস রিপোর্ট: ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন শুরু হওয়ার সাতদিনের মাথায় সরকারি মেডিকেলের ৪৩৫০ আসনের বিপরীতে ১ লাখ ২০ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন। গত ১৩ ফেব্রুয়ারি বেলা ১২ টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়। প্রথমদিনেই আবেদন করেছিল ৬০ হাজার শিক্ষার্থী।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন। তিনি বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার শিক্ষার্থী আবেদন করেছে। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। অনলাইন আবেদনের ফি জমা দেওয়া যাবে যাবে ২৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

জানা গেছে, বিগত বছরগুলোর তুলনায় এ বছর এমবিবিএসে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন বেশি। এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ৬ মার্চ, চলবে ৭ মার্চ পর্যন্ত। আগামী ১০ মার্চ সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১১টায়।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, মেডিকেলে ভর্তির জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালা-২০২৩ অনুযায়ী অনলাইনে নির্ধারিত সময়ে আবেদন করা যাবে। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীকে ২০২২ সালে এইচএসসি ও ২০২০ সালে এসএসসি অথবা ২০২১ সালে এইচএসসি ও ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে শর্ত থাকে যে, এইচএসসি পরীক্ষায় পাসের পূর্ববর্তী দুই বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

‘এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ এবং এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও রসায়নসহ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে দুটি পরীক্ষায় মোট জিপিএ ৮.০০ হলেই হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।’

‘সকলের জন্যে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যুনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।’

‘এমবিবিএস ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, www.dgme.gov.bd, www.dghs.gov.bd http://dgme.teletalk.com.bd থেকে জানা যাবে।’

‘আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল চূড়ান্তকরণ এবং পূনঃনিরীক্ষণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। উত্তরপত্র ‘ওএমআর বা আইসিআর’ মেশিনে পরীক্ষা করা হবে’, জানায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

এর আগে গত বছর ২০২১-২২ এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন। পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ৩৪,৮৩৩ জন (৪৩.৯১%) এবং মেয়ের সংখ্যা ৪৪.৫০৪ জন (৫৬.০৯%)।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল ভর্তি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক