রামেবির বিএসসি-ইন-নার্সিংয়ের ফল প্রকাশ, পাস ৯৯.২২%
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধিভুক্ত বিএসসি-ইন-নার্সিং বেসিক কোর্স ২০১৭-১৮ সেশনের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) অনলাইনে এ ফল প্রকাশ করা হয়।
জানা গেছে, এ সেশনে রামেবি অধিভুক্ত মোট ১৪টি কলেজের ৫১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তিনটি সরকারি নার্সিং কলেজের পরীক্ষার্থী ছিলেন ২৬৪ জন এবং ১১টি বেসরকারি কলেজের ২৪৯ জন শিক্ষার্থী পরীক্ষা দেন। মোট পাস করেছেন ৫০৯ জন। পাসের হার ৯৯.২২ শতাংশ।
এ বিষয়ে রামেবি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিব গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় আমরা সার্বক্ষণিক কাজ করছি। করোনার প্রভাবে সৃষ্ট তাদের সেশনজট নিরসনে গৃহীত রোডম্যাপের অংশ হিসেবেই এত দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করা হয়েছে। অন্যান্য ব্যাচের জন্যও আমাদের সর্বোচ্চ ইতিবাচক ভূমিকা থাকবে।’
এ ব্যাপারে রামেবির ভিসি ডা. এজেডএম মোস্তাক হোসেন বলেন, ‘করোনার ধাক্কায় সবকিছু স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা আমাদের অনেক বড় চ্যালেঞ্জ ছিল। তবে ধাক্কা কাটিয়ে উঠতে পেরেছি। সম্প্রতি একটি র্যাংকিংয়ে আমরা দেশসেরা হয়েছি।
তিনি আরও বলেন, ‘কোডিং পদ্ধতিতে খাতা মূল্যায়ন এবং দ্রুত অনলাইনে ফলাফল প্রকাশের মাধ্যমে মাইলফলক স্পর্শ করল রামেবি। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির প্রতিটি শাখা স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে।’
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৩