১৬ জানুয়ারী, ২০২৩ ০৩:৪৫ পিএম

সব জেলা হাসপাতালে খোলা হবে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেবা: স্বাস্থ্যমন্ত্রী

সব জেলা হাসপাতালে খোলা হবে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেবা: স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে একটি ওএসইসি কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

মেডিভয়েস রিপোর্ট: দেশের সব জেলা হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেবা (ওএসইসি) খোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একটি ওএসইসি কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, দেশের সরকারি হাসপাতালের সেবার মান আরও বৃদ্ধি করতে ঢাকাসহ সকল জেলা সদর হাস্পাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস চালু করার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম ওয়ান স্টপ ইমার্জেন্সি সেবা চালু করা হয়েছে। আজ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালেও এই ওয়ান স্টপ ইমার্জেন্সি সেবা ব্যাবস্থা উদ্বোধন করা হলো। এর ফলে এখন থেকে এই জায়গাতেই একজন রোগী সব ধরনের সেবা ঝামেলামুক্ত থেকেই পেয়ে যাবেন। এর পাশাপাশি, এখানে ৫০০ বেড থেকে নতুন করে উর্দ্ধমূখী সম্প্রসারণ করে এই হাসপাতালে আজ থেকে প্রায় ১৩৫০ বেডের সেবা কার্যক্রম শুরু করা হলো। এখানে নানারকম টেস্ট সুবিধা, আইসিইউ, এসডিইউ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ঢাকার প্রাণকেন্দ্র এই সোহরাওয়ার্দী হাসপাতালে এখন থেকে আর কোনো রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হবে না। রোগীরা এই হাসপাতালে থেকে উন্নত বেডে চিকিৎসা নিতে পারবে।

তিনি বলেন, ‘একটি হাসপাতালে রোগীর সেবার মান নিশ্চিতের জন্য ওএসইসি খুবই জরুরি। যা ইতোমধ্যে দেশের চারটি বড় হাসপাতালে খোলা হয়েছে। হাসপাতালগুলো হলো-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

তিনি আরও বলেন, ‘দেশের সব বড় হাসপাতালে ওএসইসি নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি জেলা হাসপাতালে ওএসইসি খোলা হবে। এ ছাড়া যেসব হাসপাতালে বেশি রোগী সেবা নিতে আসেন, তা সম্প্রসারণ করার পরিকল্পনাও আমাদের আছে।’

সরকারি স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি প্রসঙ্গে সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মরত স্বাস্থ্যখাতের কর্মকর্তা, চিকিৎসক, নার্সদের উদ্দেশ্যে তিনি বলেন, এই সোহরাওয়ার্দী হাসপাতালের শুধু উর্দ্ধমূখী সম্প্রসারণ করার কাজেই সরকারের ৯২ কোটি টাকা ব্যয় হয়েছে। ৭৫ হাজার স্কয়ার ফিটের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। ১২ টি নতুন অপারেশন থিয়েটার সহ শত শত বেড বৃদ্ধি করা হলো। কিন্তু এগুলোতে যদি সেবা দিতে কাজ করা না হয়, মানুষকে সেবা দিতে নৈতিকতা কাজ না করে, তাহলে সরকারের সব প্রচেষ্টা নষ্ট হবে। কোনো যন্ত্র নষ্ট হলে তা যদি ঠিক না করে ফেলে রেখে রোগীদের বাইরে চিকিৎসা নিতে পাঠানো হয়, সেটা নৈতিক অপরাধ হবে। এ জন্য যন্ত্র নষ্ট হলে তা মেরামত করতে হবে, মেরামত না হলে নতুন করে কিনতে হবে, কিন্তু সরকারি সেবা নিতে আসা অসহায় রোগীদের নিজেদের সরকারি হাসপাতালে সেবা না দিয়ে বেসরকারি কোন হাসপাতাল বা ক্লিনিকে পাঠানো যাবে না।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘আগে মানুষ জটিল রোগে ভুগলেও সেবার আওতায় আসতো না। এখন সেবার প্রসার ঘটেছে। সুবিধার সাথে সাথে চাহিদাও বেড়েছে।’চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, চিকিৎসা সেবা দিয়ে আপনারা সরাসরি মানুষের দোয়া পান, মানুষের ভালোবাসা লাভ করতে পারেন, যা অন্য কোনো পেশায় চাকরি করে পাওয়া অসম্ভব। কাজেই এই দোয়ার কাজটি আরও দায়িত্ব নিয়ে করতে হবে। কোনো অসহায় মানুষ যেনো সরকারি হাসপাতালে এসে সেবা না পেয়ে মনে কষ্ট নিয়ে ফিরে না যান, সেটি আপনাদেরকেই নিশ্চিত করতে হবে। আর ভালো কাজ করলে আপনাদের জন্য সরকার সব সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করবে।

রাষ্ট্রের পয়সার সৎভাবে ব্যবহারের অনুরোধ করে ড. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘চিকিৎসকদেরকে মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্যই তৈরি করা হচ্ছে। জনসেবার জায়গায় যেন কমতি না থাকে। সেবার সাথে আপনাদের ব্যবহারও ভালো করতে হবে।’

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক